হাটহাজারীতে সওজের জায়গা ভরাটের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

হাটহাজারী প্রতিনিধি: চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সরকারি জায়গা দখল করে মাটি ভরাটের অভিযোগ উঠেছে গুমানমর্দন ইউনিয়ন জামায়াতের আমির মো. আবু তৈয়বের বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করে তিনি দাবি করেছেন, তিনি তার ব্যক্তিমালিকানাধীন জায়গায় কাজ করছেন।

সরেজমিনে দেখা যায়, উপজেলার ধলই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মনিয়া পুকুরের উত্তর পাশে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের পূর্ব পাশে একটি জায়গায় মাটি ফেলা হয়েছে। সেখানে আরও মাটি ফেলার কাজ চলমান ছিল। স্থানীয়দের দাবি, জায়গাটি পুকুরের অংশ এবং সেটি ভরাট করা হচ্ছে।

সেখানে কর্মরত শ্রমিকদের সঙ্গে কথা বললে তারা জানান, ইকবাল নামে এক ব্যক্তি ওই জায়গায় মাটি ফেলছেন। পরে মুঠোফোনে ইকবালের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, জায়গাটি তাদের ব্যক্তিমালিকানাধীন। কৃষিকাজের উপযোগী করার জন্য সেখানে মাটি ফেলা হচ্ছে, কোনো পুকুর ভরাট করা হচ্ছে না বলেও দাবি করেন তিনি।

ইকবাল জানান, জায়গাটি গুমানমর্দন ইউনিয়ন জামায়াতের আমির মো. আবু তৈয়বের।

পরে মো. আবু তৈয়বের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, ‘আমি জামায়াতের রোকন। আমি আমার ব্যক্তিগত জায়গায় কাজ করছি।’

এদিকে স্থানীয়দের অভিযোগ, জায়গাটি পুকুরের অংশ এবং সেখানে মাটি ফেলে ভরাট করা হচ্ছে। জায়গাটি সরকারি নাকি ব্যক্তিমালিকানাধীন, তা নির্ধারণের পাশাপাশি ভূমির প্রকৃত শ্রেণি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের বক্তব্য জানতে চাওয়া হলে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মুমিন জানান, ধলই ইউনিয়নে সড়ক ও জনপথ বিভাগের সরকারি জায়গা দখল ও মাটি ভরাটের অভিযোগের ভিত্তিতে ভরাটকাজ বন্ধ করা হয়েছে।

তিনি জানান, জায়গাটি সড়ক ও জনপথ বিভাগের এনায়েতপুর মৌজার বিএস ২৪৭৩ দাগের নাল শ্রেণির জমি। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সড়ক ও জনপথ বিভাগকে অনুরোধ করা হয়েছে।

চাটগাঁ নিউজ/শোয়াইব/এমকেএন

Scroll to Top