চাটগাঁ নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে দশ দফা দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। রোববার বিকালে ফটিকছড়ির জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাঠে আয়োজিত সংবর্ধনা ও মতবিনিময় সভায় দাবিগুলো তুলে ধরা হয়।
এ সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, স্থানীয় সংসদ-সদস্য সরোয়ার আলমগীর, হেফাজতে ইসলামের মহাসচিব সাজিদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
হেফাজতের দাবিগুলো হলো-পবিত্র কুরআন ও ইসলাম ধর্মের অবমাননা রোধে সর্বোচ্চ শাস্তির বিধান রেখে জাতীয় সংসদে আইন পাশ করা, কুরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক কোনো আইন পাশ না করা, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে নৃশংস গণহত্যা এবং ২০২১ সালে মোদিবিরোধী আন্দোলনে হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা, দাওরায়ে হাদিসের মাস্টার্সের সমমানের স্বীকৃতি কার্যকর করার মাধ্যমে কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য দেশ-বিদেশের সর্বত্র কর্মসংস্থান ও উচ্চশিক্ষার দ্বার উন্মোচন করা, শিক্ষার প্রাথমিক স্তর থেকে উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত মুসলিম শিক্ষার্থীদের জন্য ইসলাম ধর্ম শিক্ষা বাধ্যতামূলক করা, চরম দ্বীন বিকৃতিকারী কাদিয়ানী সম্প্রদায়কে অমুসলিম ঘোষণা ও হিজবুত তাওহিদকে নিষিদ্ধ করা, পার্বত্য চট্টগ্রাম নিয়ে দেশি-বিদেশি মিশনারিগুলোর ষড়যন্ত্র ও অপতৎপরতা বন্ধ করা, আলেমদের বিরুদ্ধে আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সময়ের মিথ্যা মামলাগুলো প্রত্যাহার, তাবলিগ জামাতের কার্যক্রম ও টঙ্গীর বিশ্ব ইজতেমা উলামায়ে কেরামের তত্ত্বাবধানে পরিচালিত হয়ে আসছে সেটি বাবুনগর মাদ্রাসা যারা পরিচালনা করছে তাদের দ্বারা পরিচালিত করা এবং ২০১৩ সাল ও ২০২১ সালে হেফাজত ইসলামের বিরুদ্ধে যেসব মামলা দেওয়া হয়েছে তা প্রত্যাহার করা।
মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী বলেন, ‘বিগত নির্বাচনে আপনারা একসঙ্গে থেকে কাজ করেছেন। ফলে দেশকে বিপদ থেকে আমরা মুক্ত করতে পেরেছি। তবে সমস্যা শেষ হয়নি। ফ্যাসিবাদের সময় দেখেছেন, অনেক অর্থ লুট করা হয়েছে। নির্বাচনের পরও আমরা অনেক সমস্যা দেখতে পেয়েছি। আশা করি আগামী দিনেও হেফাজত ইসলাম আমাদের সঙ্গে থাকবে। আমরা একসঙ্গে কাজ করব এবং দেশকে এগিয়ে নিয়ে যাব। কথা দিয়েছিলাম বাবুনগর আসব, ফটিকছড়ির বাবুনগরীতে হেফাজত আমিরের দোয়া নিতে এসেছি।’
বাঁশখালীর কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী হেলিকপ্টারে বিকাল ৪টা ১২ মিনিটে ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় পৌঁছেন। সেখানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী তাকে স্বাগত জানান। পরে তিনি প্রধানমন্ত্রীকে অতিথি আপ্যায়ন কক্ষে নিয়ে যান এবং সেখানে তাদের মধ্যে বৈঠক হয়। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর স্বাস্থ্যের খোঁজখবর নেন।
চাটগাঁ নিউজ/এসএ






