দুবাই থেকে ডাকযোগে এলো কোটি টাকার নিষিদ্ধ ক্রিম, চট্টগ্রামে ধরা

চাটগাঁ নিউজ ডেস্ক : সমুদ্রবন্দরে কড়াকড়ি এড়াতে এবার ডাকঘরকে ব্যবহার করে আমদানি নিষিদ্ধ পণ্য আনার চেষ্টা করেছে একটি চক্র। দুবাই থেকে পাঠানো প্রায় এক টন রং ফর্সাকারী ক্রিম ও ই-সিগারেটের লিকুইডের চালান জব্দ করেছে কাস্টম হাউস চট্টগ্রাম। জব্দ পণ্যের বাজারমূল্য কোটি টাকার বেশি।

আজ সোমবার দুপুরে নগরের ফকিরহাট-সংলগ্ন ডাকঘরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চালানটি আটক করা হয়। চট্টগ্রাম কাস্টম হাউসের সহকারী কমিশনার শরীফ মোহাম্মদ আল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

কাস্টমস সূত্র জানায়, দুবাই থেকে পাঠানো চালানটি প্রথমে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে। পরে রেলপথে চট্টগ্রামে আনা হয়। এরপর ডাক বিভাগের গাড়িতে করে চালানটি চট্টগ্রাম বন্দরের ৩ নম্বর ফটক-সংলগ্ন ডাকঘরে নেওয়া হয়। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে চালানটি আটক করা হয়।

২৯টি কার্টনে ১৯ হাজার ৬৯১ পিস আমদানি নিষিদ্ধ রং ফর্সাকারী ক্রিম পাওয়া যায়। প্রতিটি কার্টনে ছিল ৬৭৯ পিস ক্রিম। এ ছাড়া আরও দুটি কার্টনে ৬৭০ পিস করে মোট ১ হাজার ৩৪০ পিস ভ্যাপ লিকুইড পাওয়া গেছে।

শরীফ মোহাম্মদ আল আমিন বলেন, সমুদ্রবন্দরে মিথ্যা ঘোষণা, পণ্য পাচার ও রাজস্ব ফাঁকি রোধে নজরদারি জোরদার করা হয়েছে। এ কারণে একটি চক্র ডাকঘরকে ব্যবহার করে নিষিদ্ধ পণ্য আনার চেষ্টা করছে বলে ধারণা করা হচ্ছে। এর আগেও ডাকঘরে আমদানি নিষিদ্ধ পণ্যের চালান আটক করা হয়েছিল।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top