রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মডেল থানা পুলিশের পৃথক অভিযানে চুরি যাওয়া একটি ফ্রিজ উদ্ধারসহ দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে একজন চুরি মামলার আসামি এবং অপরজন একটি জিআর পরোয়ানাভুক্ত মামলার আসামি।
সোমবার (১০ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে চুরি মামলার আসামি রাকিব আহাম্মদকে (২৪) গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আনুমানিক ২২ হাজার টাকা মূল্যের একটি চোরাই ওয়ালটন ফ্রিজ উদ্ধার করা হয়।
গ্রেপ্তার রাকিব আহাম্মদ চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের বনগ্রাম এলাকার মো. রুহুল আমিনের ছেলে। তার বিরুদ্ধে রাঙ্গুনিয়া মডেল থানায় দায়ের করা চুরি মামলার তদন্ত চলছে।
অপরদিকে, পুলিশের পৃথক আরেক অভিযানে চন্দ্রঘোনা সুফি পাড়া এলাকার মৃত নুর আলমের ছেলে মো. সুজনকে গ্রেপ্তার করা হয়। তিনি ২০২১ সালের একটি জিআর পরোয়ানাভুক্ত মামলার আসামি ছিলেন।
রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জহির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে যথাযথ আইনগত প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন





