রাজস্থলীতে এসএসসিতে চরম ফল বিপর্যয়, জিপিএ-৫ শূন্য

রাজস্থলী (রাঙ্গামাটি) প্রতিনিধি: সদ্য প্রকাশিত ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে রাঙামাটির রাজস্থলী উপজেলায় দেখা দিয়েছে চরম ফল বিপর্যয়। উপজেলার চারটি মাধ্যমিক বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নেওয়া ৪৪১ শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে মাত্র ১৩৪ জন। অকৃতকার্য হয়েছে ৩০৭ জন। ফলে উপজেলায় গড় পাসের হার দাঁড়িয়েছে মাত্র ৩০ দশমিক ৩৯ শতাংশে। এ বছর কোনো শিক্ষার্থীই জিপিএ-৫ অর্জন করতে পারেনি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজস্থলীর চারটি মাধ্যমিক বিদ্যালয় থেকে এবার মোট ৪৪১ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ১৩৪ জন পাস করলেও ৩০৭ শিক্ষার্থী ফেল করেছে।

বিদ্যালয়ভিত্তিক ফলাফলে তুলনামূলক ভালো করেছে কারিগরি শাখার বাঙালহালিয়া উচ্চ বিদ্যালয়। তবে সবচেয়ে হতাশাজনক ফল করেছে গাইন্দ্যা উচ্চ বিদ্যালয়।

স্থানীয় অভিভাবক ও সচেতন মহলের অভিযোগ, শ্রেণিকক্ষে নিয়মিত পাঠদান না হওয়া, শিক্ষকদের একটি অংশের রাজনীতি ও প্রাইভেট পড়ানোর সঙ্গে অতিরিক্ত সম্পৃক্ততা এবং বিদ্যালয় পরিচালনা কমিটির পর্যাপ্ত নজরদারি না থাকায় শিক্ষার মানে নেতিবাচক প্রভাব পড়ছে। এর পাশাপাশি শিক্ষার্থীদের অবাধ স্মার্টফোন ব্যবহার ও অভিভাবকদের উদাসীনতাকেও ফল বিপর্যয়ের অন্যতম কারণ হিসেবে দেখছেন তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক বলেন, শিক্ষকদের একটি অংশ শ্রেণিকক্ষে পাঠদানের চেয়ে কোচিং ও প্রাইভেট পড়ানোর দিকে বেশি মনোযোগী। বিদ্যালয় পরিচালনা কমিটিরও কার্যকর তদারকি নেই। এবারের ফলাফল তাদের জন্য অত্যন্ত হতাশাজনক।

এদিকে শিক্ষক সংকটকেও ফল বিপর্যয়ের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করছেন সংশ্লিষ্টরা। রাজস্থলী তাইতং পাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এমদাদউল্ল্যা জানান, তাদের বিদ্যালয় থেকে এবার ১০৫ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৩৩ জন। পর্যাপ্ত শিক্ষক না থাকায় অতিথি শিক্ষক দিয়ে কোনোমতে পাঠদান কার্যক্রম চালিয়ে নিতে হচ্ছে। শিক্ষার মান উন্নয়নে দ্রুত স্থায়ী শিক্ষক নিয়োগ প্রয়োজন।

উপজেলার সামগ্রিক ফলাফলে অসন্তোষ প্রকাশ করেছেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইউছুপ হাসান। তিনি জানান, ফল বিপর্যয়ের কারণ চিহ্নিত করে শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে জরুরি মতবিনিময় সভা আহ্বান করা হয়েছে। মঙ্গলবার এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

চাটগাঁ নিউজ/মিন্টু/এমকেএন

Scroll to Top