মিরসরাইয়ের হোটেলে পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ, পাশে রক্তাক্ত স্ত্রী

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে আমিনুল ইসলাম (৩২) নামে এক পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। একই কক্ষের দরজার পাশে রক্তাক্ত অবস্থায় তার স্ত্রী তাহমিনা আক্তার (২৪) এবং তাদের ১০ মাস বয়সী শিশুকন্যাকে উদ্ধার করা হয়েছে।

সোমবার (১০ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বড়তাকিয়া বাজারের ‘হোটেল রিলেক্স জোন আবাসিক’-এর ১০৪ নম্বর কক্ষ থেকে আমিনুলের লাশ উদ্ধার করা হয়।

নিহত আমিনুল ইসলাম মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের আব্দুল হক মাস্টার বাড়ির আবুল হোসেনের ছেলে। তার স্ত্রী তাহমিনা আক্তার উপজেলার হাজীশ্বরাই এলাকার বাসিন্দা।

হোটেল ম্যানেজার মো. সোহান জানান, রবিবার দুপুরে স্বামী-স্ত্রী হোটেলের ১০৪ নম্বর কক্ষটি ভাড়া নেন। পরে বিকেল ও রাতে তারা দুই দফায় হোটেলের বাইরে যান। সোমবার সকালে দীর্ঘ সময় কক্ষ থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে হোটেল কর্তৃপক্ষ ডাকাডাকি শুরু করে।

একপর্যায়ে ভেতর থেকে তাহমিনা রক্তাক্ত অবস্থায় দরজা খুলে দেন। পরে হোটেলকর্মীরা কক্ষে প্রবেশ করে খাটের পাশে ফ্যানের সঙ্গে আমিনুলকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার পরনে সাদা হাফ জার্সি প্যান্ট ছিল এবং শরীরে কোনো পোশাক ছিল না।

মিরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নাদিম হায়দার চৌধুরী জানান, আহত তাহমিনা আক্তারকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তাদের শিশুকন্যা ফাতিহা আক্তারকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, পুলিশ সদস্য আমিনুল ইসলামের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আমিনুলের মৃত্যুর প্রকৃত কারণ এবং তার স্ত্রী কীভাবে আহত হয়েছেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি আত্মহত্যা, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে—তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top