সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে ছাত্রদলের চার নেতার পদ স্থগিত

চাটগাঁ নিউজ ডেস্ক: দলীয় অনুমোদন ছাড়া সাংগঠনিক সভায় অংশ নেওয়ার অভিযোগে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের চার নেতার সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে।

পদ স্থগিত হওয়া নেতারা হলেন—চট্টগ্রাম মহসিন কলেজ ছাত্রদলের আহ্বায়ক গিয়াস উদ্দিন সারজিল, চট্টগ্রাম কলেজ ছাত্রদলের সদস্যসচিব ওমর ফারুক, চকবাজার থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হামিদ হোসেন এবং কোতোয়ালি থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন নাবিল।

রবিবার (৯ আগস্ট) রাতে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম ও সদস্যসচিব শরিফুল ইসলাম তুহিনের অনুমোদনে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

চট্টগ্রাম মহানগর ছাত্রদল আহ্বায়ক কমিটির সদস্য আল মামুন সাদ্দামের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে চার নেতার সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে।

তবে পদ স্থগিতের সিদ্ধান্তের বিষয়ে চট্টগ্রাম কলেজ ছাত্রদলের সদস্যসচিব ওমর ফারুক ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেন, ‘আমি একজন জুলাইযোদ্ধা। জুলাইযোদ্ধা হিসেবে আমাকে ওই অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য দাওয়াত কার্ড দেওয়া হয়েছিল। একই সঙ্গে চট্টগ্রাম কলেজ ছাত্রদলের সদস্যসচিব হিসেবেও কার্ড পাওয়ার অধিকার রাখি।’

তিনি আরও বলেন, সভায় অংশ নেওয়ার কারণেই তার সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে। তবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বিমানবন্দরে পৌঁছানোর আগেই পদ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলেও দাবি করেন তিনি।

এ বিষয়ে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আল মামুন সাদ্দাম বলেন, মহসিন কলেজ ছাত্রদলের আহ্বায়ক ও চট্টগ্রাম কলেজ ছাত্রদলের সদস্যসচিবের বিরুদ্ধে সাংগঠনিক বিশৃঙ্খলার অভিযোগে নোট পাঠানো হয়েছে।

তিনি বলেন, রবিবারের প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে নগর ছাত্রদলের আহ্বায়ক কমিটির আহ্বায়ক, যুগ্ম আহ্বায়কসহ নির্ধারিত নেতাদের অংশগ্রহণের অনুমতি ছিল। তাদের জন্য নির্দিষ্ট সংখ্যক আমন্ত্রণপত্রও বরাদ্দ করা হয়েছিল। কিন্তু চট্টগ্রাম কলেজ ও মহসিন কলেজ ছাত্রদলের কয়েকজন নেতা বিভিন্নভাবে কার্ড সংগ্রহ করে ওই অনুষ্ঠানে অংশ নেন। বিষয়টিকে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ হিসেবে বিবেচনা করে চার নেতার পদ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, রবিবার (৯ আগস্ট) রাতে চট্টগ্রাম নগরের হোটেল র‌্যাডিসন ব্লু বে ভিউতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিতিতে একটি সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। সভায় চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি এবং বিভিন্ন অঙ্গসংগঠনের প্রায় ৬০০ নেতাকর্মী অংশ নেন।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top