চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের মিরসরাই ইকোনমিক জোনে নির্মাণাধীন একটি কারখানায় ডাকাতির ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। এ সময় ডাকাতির ঘটনায় লুট হওয়া প্রায় ২৫০ মিটার বৈদ্যুতিক তার উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন—মিরসরাইয়ের পূর্ব হিঙ্গুলীর মেহেদীনগর এলাকার মৃত নুরুল আফছারের ছেলে মেহেদী হাসান (২৩), জোরারগঞ্জের খিলমুরারী এলাকার হারুন অর রশিদের ছেলে মো. রাকিব (২১), হিঙ্গুলীর মেহেদীনগর এলাকার সিরাজ মিয়ার ছেলে সুজাউল হক প্রকাশ সুজা উল্লাহ (২৪), একই এলাকার মৃত ওবায়দুল হকের ছেলে এমদাদুল হক প্রকাশ এমরান (২৮), করেরহাটের ঘোড়ামারা এলাকার আব্দুল মন্নানের ছেলে মিজান উদ্দিন (৩২), পূর্ব হিঙ্গুলী এলাকার হারুন অর রশিদের ছেলে মো. সাখাওয়াত হোসেন প্রকাশ নাহিদ (২৪) এবং মেহেদীনগর এলাকার আবুল কাশেমের ছেলে ইউসুফ (২৬)।
পুলিশ জানায়, রোববার (৯ আগস্ট) দিবাগত রাত ২টা থেকে পৌনে ৩টার মধ্যে মিরসরাই ইকোনমিক জোনে বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নির্মাণাধীন কারখানায় ডাকাতির ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অভিযান শুরু করে জোরারগঞ্জ থানা পুলিশ।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম জানান, ডাকাতির পরপরই ইকোনমিক জোন ও সংলগ্ন এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। পরে টানা ৩২ ঘণ্টার অভিযানে ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে প্রায় ২৫০ মিটার লুণ্ঠিত বৈদ্যুতিক তার উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে ডাকাতির সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি লুট হওয়া অন্যান্য মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন





