হেফাজত ইসলামকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাব: প্রধানমন্ত্রী

চাটগাঁ নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন।

রোববার (৯ আগস্ট) বিকেল সোয়া ৪টায় ফটিকছড়িতে আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসায় এ সাক্ষাৎ হয়। হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও তাঁর ছেলে এবং কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা আইয়ুব বাবুনগরী প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

সাক্ষাতের শুরুতেই প্রধানমন্ত্রী হেফাজতে ইসলামের আমিরকে বুকে জড়িয়ে ধরেন।

এসময় প্রধানমন্ত্রী হেফাজত আমিরের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন। দেশ পরিচালনার জন্য হেফাজতের আমিরের দোয়া চান প্রধানমন্ত্রী।

নির্বাচনের সময় ফ্যাসিবাদ ও বিশৃঙ্খলা মোকাবিলায় যেভাবে হেফাজত ইসলাম বিএনপির পাশে ছিল, ভবিষ্যতেও সেভাবে পাশে থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেন, বিদ্যুৎ ও গ্যাস সমস্যার সমাধান হবে। আগামী দিনেও আমরা একসঙ্গে থাকব। হেফাজত ইসলামকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাব। ফটিকছড়ির বাবুনগরীতে হেফাজত আমিরের দোয়া নিতে এসেছি।

প্রধানমন্ত্রী বলেন, বিগত নির্বাচনে আপনারা একসঙ্গে থেকে কাজ করেছেন। ফলে বিপদ থেকে আমরা দেশকে মুক্ত করেছি। তবে সমস্যা শেষ হয়নি। ফ্যাসিবাদের সময় দেখেছেন, অনেক অর্থ লুট করা হয়েছে। নির্বাচনের পরও আমরা অনেক সমস্যা দেখতে পেয়েছি।

ফটিকছড়ির বিভিন্ন সমস্যা প্রসঙ্গে তারেক রহমান বলেন, এখানে হাসপাতালের সমস্যা রয়েছে, শিক্ষার সমস্যা রয়েছে। স্কুল-কলেজ ও কর্মসংস্থানের দাবি আছে। বিদ্যুৎ ও গ্যাসের সমস্যাও রয়েছে। এসব সমস্যা সমাধানে আমরা কাজ করব।

গ্যাস সংকটের প্রসঙ্গে তিনি বলেন, বিগত ফ্যাসিবাদের সময় দেশে নিজেদের গ্যাস আছে কিনা, সেটি খুঁজে বের করার চেষ্টা করা হয়নি। এমন হয়েছে, অন্য দেশ বাংলাদেশ থেকে গ্যাস নিয়ে গেছে। বিদেশিদের হাতে গ্যাস দিয়ে দেওয়া হয়েছে।

এর আগে বিকাল ৩টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি ফটিকছড়ি উপজেলার পাইন্দং এলাকায় অবতরণ করে। পরে সড়কপথে প্রায় ৮ কিলোমিটার পথ পাড়ি দিয়ে বাবুনগর মাদ্রাসায় পৌঁছান তিনি।

এ সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, স্থানীয় সংসদ সদস্য সরোয়ার আলমগীর, হেফাজতে ইসলামের মহাসচিব সাজিদুর রহমান প্রমুখ সাথে ছিলেন।

বিকেল সাড়ে পাঁচটার দিকে হাটহাজারীতে হেফাজতের আমির আল্লামা শাহ আহমদ শফীর কবর জেয়ারত করেন প্রধানমন্ত্রী। এরপর তিনি মাদরাসায় অপেক্ষমাণ আলেমদের সঙ্গে সংক্ষিপ্ত সাক্ষাৎ করেন।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top