চাটগাঁ নিউজ ডেস্ক: নির্বাচিত রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠান সুষ্ঠু ও মর্যাদাপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে ছয়টি কমিটি গঠন করেছে সরকার।
আজ রবিবার (৯ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের সরকার গঠন ও রাষ্ট্রাচার শাখা থেকে এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে।
অফিস আদেশে বলা হয়েছে, বাংলাদেশ নির্বাচন কমিশন গত ৬ আগস্ট ২০২৬ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। রাষ্ট্রপতি নির্বাচন শেষে প্রধানমন্ত্রীর অনুমতি পাওয়ার পর নির্ধারিত দিন, তারিখ, সময় ও স্থানে রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠান আয়োজন করা হবে। অনুষ্ঠানটি যথাযথ মর্যাদায় সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করতে এসব কমিটি গঠন করা হয়েছে।
গঠিত কমিটিগুলোর মধ্যে রয়েছে সমন্বয় কমিটি, ডকুমেন্টেশন ও রেকর্ড সংরক্ষণ কমিটি, অতিথি তালিকা প্রণয়ন ও আমন্ত্রণপত্র মুদ্রণ কমিটি, আমন্ত্রণপত্র বিতরণ ও প্রাপ্তি যাচাই কমিটি, আসন ব্যবস্থাপনা কমিটি এবং অভ্যর্থনা কমিটি।
সমন্বয় কমিটির আহ্বায়ক করা হয়েছে সমন্বয় ও সংস্কার সচিব ফারাহ শাম্মীকে। এ কমিটিতে মন্ত্রিপরিষদ বিভাগের বিভিন্ন অনুবিভাগের অতিরিক্ত সচিব, যুগ্মসচিব ও উপসচিবদের সদস্য করা হয়েছে। কমিটির সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন সরকার গঠন ও রাষ্ট্রাচার শাখার সিনিয়র সহকারী সচিব ইমতিয়াজ মোরশেদ। কমিটির প্রধান কাজ হবে উপকমিটিগুলোর কার্যক্রম সমন্বয় করা এবং শপথ অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতির বিষয়ে মন্ত্রিপরিষদ সচিবকে অবহিত করা।
ডকুমেন্টেশন ও রেকর্ড সংরক্ষণ কমিটির আহ্বায়ক করা হয়েছে প্রশাসন ও বিধি অনুবিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ শামীম সোহেলকে। এ কমিটির অন্যতম দায়িত্ব রাষ্ট্রপতির শপথ গ্রহণের ফোল্ডার এবং স্পিকারের জন্য শপথ পাঠ করানোর ফোল্ডার প্রস্তুত করা। পাশাপাশি মন্ত্রিপরিষদ সচিবের মাধ্যমে শপথ অনুষ্ঠান পরিচালনার ধারাক্রম প্রস্তুত এবং প্রয়োজনীয় বিভিন্ন নথি প্রস্তুত ও সংরক্ষণের ব্যবস্থা করবে কমিটি।
অতিথি তালিকা প্রণয়ন ও আমন্ত্রণপত্র মুদ্রণ কমিটির আহ্বায়ক করা হয়েছে অতিরিক্ত সচিব মোহাম্মদ শামীম সোহেলকে। কমিটির সদস্যদের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগের বিভিন্ন শাখার যুগ্মসচিব, উপসচিব ও অন্যান্য কর্মকর্তারা রয়েছেন। মন্ত্রিপরিষদ সচিবের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর ও সংস্থা থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমন্ত্রিত অতিথিদের তালিকা তৈরি করবে এ কমিটি। পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে আমন্ত্রণপত্র তৈরি ও মুদ্রণ করে তা বিতরণ কমিটির কাছে হস্তান্তর করবে।
আমন্ত্রণপত্র বিতরণ ও প্রাপ্তি যাচাই কমিটির আহ্বায়ক করা হয়েছে সমন্বয় অনুবিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ হাসানকে। এ কমিটিতে মন্ত্রিপরিষদ বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সদস্য করা হয়েছে। অতিথি তালিকা ও আমন্ত্রণপত্র সংগ্রহের পর শ্রেণিভিত্তিকভাবে দায়িত্ব বণ্টন, আমন্ত্রণপত্র বিতরণ, প্রাপ্তি যাচাই ও সার্ভিস রিটার্ন সংরক্ষণ করবে কমিটি। অনুষ্ঠানে অতিথিদের উপস্থিতি নিশ্চিত করে সে তথ্য আসন ব্যবস্থাপনা কমিটিকে দেওয়ার দায়িত্বও রয়েছে এ কমিটির।
আসন ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক করা হয়েছে অতিরিক্ত সচিব মো. হুমায়ুন কবিরকে। কমিটির দায়িত্বের মধ্যে রয়েছে অনুষ্ঠানে উপস্থিতি নিশ্চিত করা অতিথিদের তালিকা সংগ্রহ করে আসনবিন্যাস চূড়ান্ত করা। রাষ্ট্রপতির কার্যালয় এবং আমন্ত্রণপত্র বিতরণ ও প্রাপ্তি যাচাই কমিটির সাথে সমন্বয় করে বঙ্গভবনে অতিথিদের আসন নির্ধারণ করবে এ কমিটি। অনুষ্ঠানের দিন নির্ধারিত আসন সংরক্ষণ এবং অতিথিদের আসন গ্রহণে সহায়তাও করবেন তারা।
অন্যদিকে অভ্যর্থনা কমিটির আহ্বায়ক করা হয়েছে আইন অনুবিভাগের অতিরিক্ত সচিব ইয়াসমিন বেগমকে। এ কমিটিতে মন্ত্রিপরিষদ বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সদস্য করা হয়েছে। অনুষ্ঠানের দিন উপস্থিতি নিশ্চিত করা অতিথিদের তালিকা সংগ্রহ করে তাদের অভ্যর্থনা জানানো এবং নির্ধারিত আসনে বসতে সহায়তা করবে এ কমিটি।
অফিস আদেশে বলা হয়েছে, প্রয়োজন অনুযায়ী সব কমিটি কর্মকর্তা-কর্মচারী কো-অপ্ট করতে পারবে। আদেশ পাওয়ার পর কমিটিগুলো দ্রুত সভা করে কর্মপরিকল্পনা গ্রহণ করবে। উপকমিটির আহ্বায়কদের তাদের কার্যক্রম নিয়মিতভাবে সচিব, সমন্বয় ও সংস্কারকে অবহিত করে প্রয়োজনীয় নির্দেশনা নিতে বলা হয়েছে।
চাটগাঁ নিউজ/জেএইচ





