উখিয়ায় যৌথ অভিযানে ২৩ লাখ টাকার অবৈধ সিগারেট জব্দ

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ বিদেশি সিগারেটসহ একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে। তবে অভিযানের সময় চোরাকারবারিরা সিএনজি অটোরিকশা ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

রবিবার (৯ আগস্ট) সকালে উপজেলার পালংখালী ইউনিয়নের শফিউল্লাকাটা এলাকায় এ অভিযান চালানো হয়।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও উখিয়া থানা পুলিশের একটি যৌথ দল শফিউল্লাকাটা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনক একটি সিএনজি অটোরিকশাকে থামার সংকেত দেওয়া হলে সেটি রেখে দ্রুত পালিয়ে যায় পরিবহনকারীরা।

পরে সিএনজি অটোরিকশাতে তল্লাশি চালিয়ে ১৬ কার্টনে ৫ হাজার ৯৫০ প্যাকেট ওরিস এবং ৪ কার্টনে ২ হাজার প্যাকেট প্যাট্রন ব্র্যান্ডের বিদেশি সিগারেট পাওয়া যায়। কোস্ট গার্ডের হিসাবে, জব্দ করা সিগারেটের পরিমাণ ১ লাখ ১৯ হাজার শলাকা ওরিস ও ৪০ হাজার শলাকা প্যাট্রন। এসব সিগারেট মিয়ানমার থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে দেশে আনা হয়েছিল বলে জানিয়েছে অভিযানকারী দল।

কোস্ট গার্ড আরও জানায়, জব্দ করা সিগারেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৩ লাখ ৮৫ হাজার টাকা। একই সঙ্গে সিগারেট পরিবহনে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটিও জব্দ করা হয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড ও উখিয়া থানা পুলিশের সমন্বয়ে অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানকারী দলের উপস্থিতি টের পেয়ে সিগারেট পরিবহনকারীরা সিএনজি অটোরিকশা ফেলে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট উদ্ধার করা হয়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার বলেন, পালংখালী এলাকায় যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সিগারেট ও একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে। তবে অভিযানের সময় পরিবহনকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।

তিনি জানান, জব্দ করা সিগারেট ও সিএনজি অটোরিকশার বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

চাটগাঁ নিউজ/মোস্তফা/এমকেএন

Scroll to Top