আগামীকাল এসএসসি ও সমমানের ফল, জানা যাবে যেভাবে

চাটগাঁ নিউজ ডেস্ক: এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আগামীকাল সোমবার (১০ আগস্ট)। সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, ফলাফল উদ্বোধনের পরপরই পরীক্ষার্থীরা নিজেদের ফল জানতে পারবেন। একই সময়ে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান, অনলাইন ও এসএমএসের মাধ্যমে ফলাফল পাওয়ার সুযোগ থাকবে।

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু জানান, আগামীকাল সকাল ১০টা থেকে পরীক্ষার্থীদের ফলাফল স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠান এবং অনলাইনে একযোগে প্রকাশ করা হবে। প্রতিষ্ঠানগুলো রেজাল্ট শিট ডাউনলোড করে তা প্রকাশ করতে পারবে।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ফলাফল সংগ্রহের জন্য শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে Result কর্নারে প্রবেশ করে সংশ্লিষ্ট বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN নম্বর ব্যবহার করতে হবে।

পরীক্ষার্থীরা ফলাফল দেখতে পারবে শিক্ষা বোর্ডের দুটি কেন্দ্রীয় ওয়েবসাইট—eduboardresults.gov.bd এবং educationboardresults.gov.bd—এবং নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে।

এ ছাড়া মোবাইল ফোনে এসএমএস পাঠিয়েও ফলাফল জানা যাবে। এ জন্য যেকোনো মোবাইল নম্বর থেকে ১৬১৪০ অথবা ১৬২২২ নম্বরে এসএমএস পাঠানো যাবে। ১৬১৪০ নম্বরে ফল জানতে মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে:

SSC <স্পেস> বোর্ডের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> 2026

উদাহরণ: SSC Dha 123456 2026 লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।

তবে শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় কিংবা কোনো সংবাদপত্রের কার্যালয় থেকে সরাসরি ফলাফল সংগ্রহের সুযোগ থাকবে না।

এদিকে, প্রকাশিত ফলাফলে কোনো পরীক্ষার্থী অসন্তুষ্ট হলে পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন। আগামী ১১ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত অনলাইনে এ আবেদন গ্রহণ করা হবে। আবেদন পদ্ধতি ও প্রয়োজনীয় নির্দেশনা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হবে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top