চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের বাঁশখালী উপজেলাকে প্রতিবছরের বন্যা ও জলাবদ্ধতার দুর্ভোগ থেকে রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
শনিবার (৮ আগস্ট) বাঁশখালীতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, বাঁশখালীর অনেক খাল দীর্ঘদিন ধরে দখল ও দূষণের কারণে সংকুচিত হয়ে পড়েছে। এতে বৃষ্টির পানি স্বাভাবিকভাবে নিষ্কাশিত হতে না পেরে অল্প বৃষ্টিতেই বিভিন্ন এলাকা প্লাবিত হচ্ছে। এ সমস্যা সমাধানে প্রয়োজনীয় খাল খনন ও পুনঃখননের উদ্যোগ নেওয়া হবে। এতে পানিপ্রবাহ স্বাভাবিক হওয়ার পাশাপাশি বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনের সুযোগ তৈরি হবে।
তিনি আরও বলেন, পাহাড়ি ঢলের পানি থেকে বসতবাড়ি ও জনবসতি রক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের পরিকল্পনাও রয়েছে। প্রতিবছর যেন বাঁশখালীর মানুষকে বন্যার সঙ্গে লড়াই করতে না হয়, সে লক্ষ্যে সরকার দীর্ঘমেয়াদি ও কার্যকর ব্যবস্থা নেবে।
এদিকে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে আগামীকাল রোববার (৯ আগস্ট) চট্টগ্রাম সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি ক্ষতিগ্রস্তদের জন্য ঘর নির্মাণ, ত্রাণ বিতরণসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন বলে জানা গেছে।
প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে শনিবার বাঁশখালীতে যান ত্রাণমন্ত্রী। এ সময় তিনি উপজেলার বাহারছড়া এলাকায় প্রধানমন্ত্রীর জনসভাস্থল পরিদর্শন করেন।
পরিদর্শনকালে স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ জহিরুল ইসলাম, বিএনপি নেতা মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পাসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
চাটগাঁ নিউজ/এমকেএন





