চাটগাঁ নিউজ ডেস্ক : নগরের পতেঙ্গা থানায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে কাঠগড় জেলেপাড়া লিংক রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। রাত সাড়ে ১০টার দিকে আহতদের চমেক হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক শাহিন (২২) ও ইমন (২২) নামে দুই যুবককে মৃত ঘোষণা করেন।
নিহত শাহিনের বাবার নাম আবু সিদ্দিক। তার বাড়ি পতেঙ্গার স্টিল মিল এলাকার র্যাব-৭ গলিতে। নিহত অপরজন ইমনের বাবার নাম ও ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আহত আনিক (২১) চমেক হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। তার পরিচয় এখনো জানা যায়নি।
নিহতের বিষয়টি নিশ্চিত করেন চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক। তিনি বলেন, নিহত দুইজনের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
চাটগাঁ নিউজ/এসএ





