ফটিকছড়িতে বেকারির চুলা থেকে আগুন, পুড়ল ১৬ দোকান

চাটগাঁ নিউজ ডেস্ক : ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের শান্তিরহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বাজারের একটি বেকারির চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে অন্তত ১৬টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, এ ঘটনায় প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা যায়, বাজারে আক্কাস ও দেলোয়ার হোসেনের মালিকানাধীন একটি দোকানঘরে মো. শহিদুল্লাহ ভাড়ায় একটি বেকারি পরিচালনা করতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বেকারির চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়লে একের পর এক দোকান দাউদাউ করে জ্বলতে থাকে। খবর পেয়ে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

পরে ফটিকছড়ি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই বাজারের অন্তত ১৬টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। আগুনে দোকানগুলোর মালামাল, আসবাবপত্র ও ব্যবসায়িক সরঞ্জাম পুড়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা চরম আর্থিক সংকটে পড়েছেন।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুনে তাদের দীর্ঘদিনের ব্যবসার মূলধন পুড়ে গেছে। দ্রুত সরকারি সহায়তা না পেলে নতুন করে ব্যবসা শুরু করা তাদের পক্ষে অত্যন্ত কঠিন হয়ে পড়বে।

ফায়ার সার্ভিসের ধারণা, বেকারির চুলা থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top