রাউজান প্রতিনিধি : প্রবাস থেকে দেশে ফিরে মাত্র দুই মাস আগে বিয়ে করে ঘরে তুলেছিলেন প্রিয়তমা স্ত্রীকে। সাজিয়ে ছিলেন সুখের সংসার; কিন্তু সেই সুখ দীর্ঘস্থায়ী হলো না। হাতের মেহেদির রং মুছে যাওয়ার আগেই এক নিমেষে নিভে গেল সব আনন্দ। স্ত্রীকে সঙ্গে নিয়ে বাড়ি ফেরার পথেই সড়ক দুর্ঘটনায় না ফেরার দেশে চলে গেলেন চট্টগ্রামের রাউজানের প্রবাসী যুবক খোরশেদ আলম (২৫)। দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তার নববিবাহিত স্ত্রী।
শুক্রবার (৯ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কের রাউজানের বেরুলিয়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত খোরশেদ আলম রাউজান উপজেলার গহিরা ইউনিয়নের কোতোয়ালিঘোনা গ্রামের আবুল খায়েরের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, চাচাতো বোনের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে স্ত্রীকে নিয়ে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে গিয়েছিলেন খোরশেদ। অনুষ্ঠান শেষে মোটরসাইকেলে স্ত্রীকে সঙ্গে নিয়ে বাড়ির উদ্দেশে রওনা হন তিনি। পথে গহিরা চৌমুহনীর আগে নবীন সেন স্কুলের বাঁকে পৌঁছলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রোড ডিভাইডারে (বিভাজক) সজোরে ধাক্কা খায়। এতে স্বামী-স্ত্রী দুজনই ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে কাছের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে খোরশেদ আলমকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় তার স্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাইওয়ে থানার এসআই শাহজাহান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহতের স্বজনরা জানান, ছুটি শেষে আগামী ১৪ অক্টোবর ফের প্রবাসে ফিরে যাওয়ার সব প্রস্তুতি সম্পন্ন করেছিলেন খোরশেদ। কিন্তু কর্মস্থলে আর ফেরা হলো না তার। প্রবাসে পাড়ি জমানোর মাত্র পাঁচ দিন আগে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনি। যে নতুন সংসার ঘিরে ছিল কতশত স্বপ্ন, সেখানে এখন কেবল কান্নার রোল আর শোকের মাতম।
চাটগাঁ নিউজ/জয়নাল/এসএ






