চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রামের সাতকানিয়ায় দুই সংসদ সদস্যের উপস্থিতিতে হাতাহাতিতে জড়িয়েছেন স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। ঘণ্টাখানেক পর উপজেলা পরিষদ কমপ্লেক্সেও মুখোমুখি অবস্থান নেয় উভয়পক্ষ।
চট্টগ্রাম-১৫ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরী এবং বিএনপি মনোনীত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শামীম আরা বেগম স্বপ্নার উপস্থিতিতে এসব ঘটনা ঘটে।
শামীম আরা বেগম কক্সাবাজার-১ (চকরিয়া-পেকুয়া), চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) ও চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের উন্নয়ন তদারকির দায়িত্বপ্রাপ্ত।
স্থানীয় সূত্র জানিয়েছে, একটি সেতু উদ্বোধনকে কেন্দ্র করে গত বুধবার থেকে দুই দলের মধ্যে উত্তেজনা দেখা দেয়। উপজেলার সদর ইউনিয়নের টংকাবতী খালের ওপর নির্মিত ৬৬ মিটার দীর্ঘ আরসিসি গার্ডার সেতুটি উদ্বোধনের জন্য বুধবার স্থানীয় জামায়াত সেখানে একটি স্তম্ভ নির্মাণ করে। কিন্তু স্থানীয় বিএনপি গিয়ে সেখানে সংরক্ষিত নারী এমপির নামসম্বলিত ফলক স্থাপন করে। এ খবরে জামায়াতের নেতাকর্মীরা গিয়ে সেটি ফেলে এমপি শাহজাহান চৌধুরীর নামে নামফলক স্থাপন করেন। পরে বিকেলে গিয়ে তিনি সেতু উদ্বোধন করেন।
সংরক্ষিত নারী এমপির বৃহস্পতিবার সেতু উদ্বোধন করার দিন ঠিক করেছিল বিএনপি। এ জন্য তিনি কক্সবাজার থেকে সাতকানিয়া যান। তবে আগের দিন উদ্বোধন হয়ে যাওয়ায় তিনি আর সেখানে না গিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান। দুপুর ১টার দিকে তিনি স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বের হওয়ার সময় তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে যান স্থানীয় এমপি শাহজাহান চৌধুরী। এ সময় প্রধান ফটকের সামনে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা মুখোমুখি হলে তাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তারা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এতে সাতকানিয়া পৌর বিএনপির কর্মী দিদারুল হক বাপ্পি আহত হন। পরে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ঘটনার সময় দুই এমপি দুদিকে সরে যান। এরপর দুই এমপি উপজেলা পরিষদ কমপ্লেক্সে গেলে সেখানেও উভয় দলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান বলেন, জামায়াতের লোকজন হামলা চালিয়ে আমাদের এক কর্মীকে আহত করেছে। বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনকে জানানো হয়েছে।
সাতকানিয়া পৌর জামায়াতের আমির হামিদ উদ্দিন আজাদ বলেন, আমি ঘটনাস্থলে ছিলাম না। পরে জানতে পেরেছি, সংরক্ষিত নারী আসনের এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে স্থানীয় এমপি শাহজাহান চৌধুরী হাসপাতালে গেলে তাঁকে সাক্ষাৎ করতে বাধা দেওয়া নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ও হাতাহাতির ঘটনা ঘটে।
সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অমিত দে বলেন, সংরক্ষিত নারী আসনের এমপির হাসপাতাল পরিদর্শনের বিষয়ে আমাকে কোনো অফিসিয়াল চিঠি দেওয়া হয়নি। তবে বৃহস্পতিবার সকালে ইউএনও স্যার বিষয়টি জানান।
উপজেলা এলজিইডি কর্মকর্তা সবুজ কুমার দে বলেন, সেতুটি বৃহস্পতিবার সংরক্ষিত নারী আসনের এমপি উদ্বোধন করবেন বলে আমাদের জানানো হয়েছিল। সে অনুযায়ী অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হয়েছিল। পরে জানতে পারি স্থানীয় এমপি নিজ উদ্যোগে নামফলক তৈরি করে বুধবার সেটি উদ্বোধন করেছেন।
ইউএনও রাজীব দাশ পুরকায়স্থ বলেন, হাসপাতালে কিছুটা হট্টগোল হলেও আমার কার্যালয়ে কোনো উত্তেজনা হয়নি।
সাতকানিয়া থানার ওসি আবদুল আলীম বলেন, বিএনপি ও জামায়াত উভয় পক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে। উভয় পক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি জানার চেষ্টা করছি।
চাটগাঁ নিউজ/এসএ






