উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে টানা ভারী বর্ষণের কারণে আবারও পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এতে মাটিচাপা পড়ে নুনুজিয়া (৮) নামে এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (৫ আগস্ট) দুপুরে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১৩-এর এফ/৫ ব্লকে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, টানা ভারী বৃষ্টির মধ্যে একটি রোহিঙ্গা পরিবারের আশ্রয়কেন্দ্রের ওপর পাহাড় ধসে পড়ে। এতে পরিবারের ৮ বছর বয়সী শিশু নুনুজিয়া মাটিচাপা পড়ে গুরুতর আহত হয়। পরে আশপাশের রোহিঙ্গারা তাকে উদ্ধার করে ক্যাম্প-সংলগ্ন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত নুনুজিয়া ক্যাম্প-১৩-এর এফ/৫ ব্লকের বাসিন্দা জমির হোসেনের মেয়ে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বরত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) কর্মকর্তা ইনস্পেক্টর মোহাম্মদ ইউনুস আলী বলেন, টানা ভারী বর্ষণের কারণে পাহাড়ধসের ঘটনায় এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। পাশাপাশি পাহাড়ের ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।
৮ এপিবিএনের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমদ বলেন, টানা ভারী বর্ষণের কারণে রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ঝুঁকিপূর্ণ পাহাড়ের ঢাল ও পাহাড়সংলগ্ন এলাকায় অবস্থান না করতে স্থানীয়দের বারবার সতর্ক করা হচ্ছে। নিহত শিশুর মৃত্যুর ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
চাটগাঁ নিউজ/মোস্তফা/এমকেএন





