রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় প্রকাশ্যে ইয়াবা সেবনের দায়ে দুই যুবককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৫ আগস্ট) দুপুরে রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন— উপজেলার সরফভাটা ইউনিয়নের সুচিয়া পাড়া এলাকার ওবায়দুল (৩৪) এবং রাঙ্গুনিয়া পৌরসভার দক্ষিণ নোয়াগাঁও এলাকার সাইফুদ্দিন রুবেল (৩০)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, প্রকাশ্যে ইয়াবা সেবনের বিষয়টি হাতেনাতে প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় তাঁদের প্রত্যেককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। অনাদায়ে তাঁদের আরও একদিন অতিরিক্ত কারাভোগ করতে হবে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, এলাকায় মাদকদ্রব্যের বিস্তার রোধ এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদার করতে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন





