চাটগাঁ নিউজ ডেস্ক: বাংলাদেশের বিভিন্ন সম্ভাবনাময় খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরব। একই সঙ্গে বাংলাদেশ থেকে আরও বেশি দক্ষ জনশক্তি নিয়োগের বিষয়েও ইতিবাচক অবস্থান জানিয়েছে দেশটি।
মঙ্গলবার (৪ আগস্ট) ঢাকা সফররত সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী প্রকৌশলী ওয়ালিদ আব্দুল করিম আল-খুরেইজি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে পৃথক বৈঠক করেন। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামও উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানান, বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করতেই এই সফর। তিনি বলেন, বর্তমান বাংলাদেশের গণতান্ত্রিক সরকারের প্রতি সৌদি আরবের আস্থার কথা প্রতিনিধিদল স্পষ্টভাবে জানিয়েছে এবং দুই দেশের মধ্যে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে।
তিনি জানান, সৌদি আরব বিশেষ করে মৎস্য, খাদ্য, জ্বালানি, নবায়নযোগ্য জ্বালানি, সৌরবিদ্যুৎ, তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তাসহ (এআই) বিভিন্ন খাতে বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী। এসব খাতে সৌদি আরবের অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সক্ষমতা কাজে লাগিয়ে যৌথভাবে কাজ করার বিষয়ে আলোচনা হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, বিনিয়োগ সহযোগিতা আরও এগিয়ে নিতে সৌদি আরবে একটি যৌথ বৈঠক আয়োজনের পরিকল্পনা রয়েছে। এতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। এছাড়া চলতি বছরের মধ্যেই বাংলাদেশে রাজনৈতিক পরামর্শ সভা (পলিটিক্যাল কনসালটেশন) এবং জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
শামা ওবায়েদ আরও বলেন, সৌদি প্রতিনিধি দল ভবিষ্যতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দুই দেশের সম্পর্ক আরও গভীর ও বহুমাত্রিক হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে।
শ্রমবাজার প্রসঙ্গে তিনি জানান, সৌদি আরব বাংলাদেশ থেকে আরও বেশি দক্ষ কর্মী নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। এ বিষয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে এবং দক্ষ জনশক্তি রপ্তানির সুযোগ সম্প্রসারণে দুই দেশ কাজ করবে।
তিনি আরও জানান, সৌদি ক্রাউন প্রিন্স ইতোমধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন। একই সঙ্গে বাংলাদেশও সৌদি ক্রাউন প্রিন্সকে ঢাকা সফরের আমন্ত্রণ জানিয়েছে। সুবিধাজনক সময়ে দুই দেশের পারস্পরিক আলোচনার ভিত্তিতে এ সফর অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সৌদি আরবে অবস্থানরত রোহিঙ্গাদের পাসপোর্টসংক্রান্ত বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বিষয়টি নতুন নয় এবং বিভিন্ন দেশেই এ ধরনের সমস্যা রয়েছে। তবে এ ইস্যুতে জেদ্দা ও রিয়াদে বাংলাদেশের কূটনৈতিক মিশন সৌদি কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে সমস্যার সমাধানে কাজ করছে।
তিনি বলেন, সৌদি আরব শুধু একটি নির্দিষ্ট খাতে নয়, বরং বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব গড়ে তুলতে আগ্রহী। সেই লক্ষ্যেই দুই দেশের মধ্যে সহযোগিতার নতুন ক্ষেত্র নিয়ে আলোচনা হয়েছে এবং সফরটি অত্যন্ত সফল ও ফলপ্রসূ হয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন






