চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরের পাহাড়তলী বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৩ আগস্ট) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক ফয়েজ উল্লাহ।
অভিযান চলাকালে জাবেদ ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া ‘ওরশ বাড়ি’ নামে একটি খাদ্য প্রতিষ্ঠানে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন, নিষিদ্ধ ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কেওড়াজল ব্যবহার এবং রঙ মিশ্রিত মরিচ দিয়ে খাদ্য প্রস্তুতের অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে বাজার কমিটির কয়েকজন সদস্যের সঙ্গে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টিমের বাকবিতণ্ডার অভিযোগ ওঠে। তবে এ বিষয়ে উপপরিচালক ফয়েজ উল্লাহ বলেন, অভিযানের সময় কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়নি।
তিনি জানান, নিয়মিত তদারকি কার্যক্রমের অংশ হিসেবেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। জনস্বাস্থ্য রক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে পরিচালিত হবে।
চাটগাঁ নিউজ/এমকেএন





