ফটিকছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির গুইমারা বিজিবি সেক্টরের অধীন তিনটি ব্যাটালিয়নের বিভিন্ন অভিযানে জব্দ করা প্রায় ৩ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ বুধবার (৭ অক্টোবর) দুপুরে রামগড় ৪৩ বিজিবি ব্যাটালিয়নের সদর দপ্তর মাঠে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
বিজিবি জানায়, ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালের ৩১ আগস্ট পর্যন্ত সীমান্ত এলাকায় বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়। ধ্বংস করা মাদকদ্রব্যের মধ্যে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ, সিগারেট, ইয়াবা ও বিভিন্ন ধরনের তামাকজাত মাদকদ্রব্য ছিল।
মাদকদ্রব্য ধ্বংস কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির চট্টগ্রাম দক্ষিণ রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ।
তিনি বলেন, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং মাদক চোরাচালান বন্ধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে তিনি সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান।
অনুষ্ঠানে গুইমারা সেক্টর কমান্ডারসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশাসনের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও স্থানীয় শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
চাটগাঁ নিউজ/আনোয়ার/জেএইচ






