চাটগাঁ নিউজ ডেস্ক: স্ত্রী ইকরাকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দায়ের করা মামলায় অভিনেতা জাহের আলভীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। এর ফলে তার কারামুক্তিতে আর কোনো বাধা নেই।
রোববার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তার বিষয়ে জারি হওয়া রুল যথাযথ ঘোষণা করে এই রায় দেন।
আজ সোমবার সংশ্লিষ্ট আদালত সূত্র জাহের আলভীর জামিনের বিষয়টি নিশ্চিত করেছে।
গত ৩০ জুন রিমান্ড শেষে জাহের আলভীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন আদালত। দুই দিনের রিমান্ড শেষে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন জানান তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে গত ১৮ জুন আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছিলেন জাহের আলভী, তবে আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠায়। পরে গত ২১ জুন মামলার তদন্তের স্বার্থে সাত দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা, আর ২৪ জুন শুনানি শেষে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করে।
মামলার নথি অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার বাসা থেকে জাহের আলভীর স্ত্রী আফরা ইবনাত ইকরাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরদিন ইকরার বাবা কবির হায়াত খান পল্লবী থানায় একটি মামলা দায়ের করেন, যেখানে অভিযোগ করা হয় দীর্ঘদিনের পারিবারিক কলহ ও মানসিক নির্যাতনের কারণে ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছিলেন।
চাটগাঁ নিউজ/জেএইচ






