এশিয়ান লিজেন্ডস লিগে বাংলাদেশ টাইগার্সের অধিনায়ক সাকিব

স্পোর্টস ডেস্ক: দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকলেও দেশের বাইরের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ও লিজেন্ডস টুর্নামেন্টে নিয়মিত খেলছেন সাকিব আল হাসান। এবার এশিয়ান লিজেন্ডস লিগে বাংলাদেশ টাইগার্সের অধিনায়ক হিসেবে দেখা যাবে সাবেক এই বাংলাদেশ অধিনায়ককে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) টুর্নামেন্ট কর্তৃপক্ষ ১৬ সদস্যের বাংলাদেশ টাইগার্স দল ঘোষণা করেছে। দলে সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন সাবেক অলরাউন্ডার অলক কাপালি।

বাংলাদেশের হয়ে প্রথম টেস্ট হ্যাটট্রিকের কীর্তি গড়া কাপালির সঙ্গে দলে রয়েছেন উইকেটরক্ষক ধীমান ঘোষ, শফিউল ইসলাম, আবুল হাসান রাজু, মুখতার আলী ও সাকলাইন সজিবসহ পরিচিত বেশ কয়েকজন সাবেক ক্রিকেটার।

এশিয়ান লিজেন্ডস লিগে বাংলাদেশ টাইগার্স ছাড়াও অংশ নেবে এশিয়ান স্টারস, ইন্ডিয়ান রয়্যালস, পাকিস্তান প্যান্থার্স, আফগানিস্তান পাঠানস এবং শ্রীলঙ্কান লায়ন্স।

বিভিন্ন দেশের সাবেক আন্তর্জাতিক ক্রিকেটারদের নিয়ে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। পাকিস্তান প্যান্থার্সের হয়ে খেলবেন মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক ও ইমরান নাজির।

শ্রীলঙ্কান লায়ন্সের দলে রয়েছেন তিলকরত্নে দিলশান, থিসারা পেরেরা ও কুমার সাঙ্গাকারা। ইন্ডিয়ান রয়্যালসের হয়ে মাঠে নামবেন শিখর ধাওয়ান, দিনেশ কার্তিক ও হারভজন সিং। আফগানিস্তান পাঠানসকে নেতৃত্ব দেবেন আসগর আফগান।

২০২৪ সালের পর থেকে বাংলাদেশের হয়ে আর আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি সাকিব। ফলে তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ও ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) মতো ঘরোয়া প্রতিযোগিতাতেও অংশ নেননি। তবে এই সময়ের মধ্যে তিনি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল), পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এবং টি-টেন লিগসহ বিভিন্ন বিদেশি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলেছেন। বর্তমানে তিনি লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) জাফনা কিংসের হয়ে খেলছেন।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কান লায়ন্স ও আফগানিস্তান পাঠানস। বাংলাদেশ টাইগার্স তাদের প্রথম ম্যাচ খেলবে শুক্রবার ইন্ডিয়ান রয়্যালসের বিপক্ষে। আগামী ১০ আগস্ট অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল। সব ম্যাচই হবে লুসাকা স্পোর্টস গ্রাউন্ডে।

বাংলাদেশ টাইগার্স দল: সাকিব আল হাসান (অধিনায়ক), অলক কাপালি (সহ-অধিনায়ক), নাজমুস সাদাত, ধীমান ঘোষ (উইকেটরক্ষক), মেহেদী মারুফ, আবুল হাসান রাজু, শফিউল ইসলাম, মুখতার আলী, তাপস ঘোষ, নাজমুল হোসেন মিলন, উত্তম কুমার ঘোষ, সাকলাইন সজিব, ফারহাদ হোসেন, ইমন আহমেদ, আল মামুন রাসেল ও সাদেকুর রহমান।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top