দুবাইফেরত যাত্রীর ব্যাগেজে ৬ লাখ টাকার সিগারেট জব্দ

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর লাগেজে বিপুল পরিমাণ সিগারেট জব্দ করেছে কাস্টমস ইন্টেলিজেন্স।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ৯টা ১০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই-চট্টগ্রাম রুটের BG-148 ফ্লাইটে আসা ফটিকছড়ির বাসিন্দা মোহাম্মদ সোহেলের ব্যাগেজ তল্লাশি চালিয়ে দুইটি ব্র্যান্ডের মোট ২৩৫ কার্টন সিগারেট উদ্ধার করা হয়।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে কাস্টমস ইন্টেলিজেন্স এই চালানটি জব্দ করে। উদ্ধার হওয়া সিগারেটের বিপরীতে প্রায় ৫ লাখ ৯৩ হাজার ৫০০ টাকা রাজস্ব আদায়যোগ্য ছিল।

তিনি আরও জানান, অবৈধভাবে আমদানি নিষিদ্ধ পণ্য প্রবেশ এবং সরকারি রাজস্ব ফাঁকি রোধে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস কর্তৃপক্ষ কঠোর নজরদারি ও ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে।

জব্দ করা সিগারেটগুলো ডিটেনশন মেমোরেন্ডাম (ডিএম) এর মাধ্যমে জব্দ করে চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে। তবে সংশ্লিষ্ট যাত্রীকে কাস্টমস ইন্টেলিজেন্স ও কাস্টমস কর্তৃপক্ষ মৌখিক সতর্কতা দিয়ে ছেড়ে দিয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top