চাটগাঁ নিউজ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরও ১৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সিভিল সার্জন কার্যালয় প্রকাশিত ডেঙ্গু পরিস্থিতি বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ৬ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি)-এ ২ জন, ২৫০ শয্যাবিশিষ্ট চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ৩ জন, সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) চট্টগ্রামে ১ জন, উপজেলা হাসপাতালে ১ জন এবং বিভিন্ন বেসরকারি হাসপাতালে ৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন।
বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে মোট ১৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ৯ জন পুরুষ এবং ৮ জন নারী।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছরের মধ্যে জুলাই মাসেই ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে বেশি বেড়েছে। ৩০ জুলাই পর্যন্ত শুধু জুলাই মাসেই জেলায় ৫২১ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। একই সময়ে ডেঙ্গুতে মারা গেছেন ২ জন।
এদিকে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ জুলাই পর্যন্ত চট্টগ্রামে মোট ৮১৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে মোট ৩ জনের মৃত্যু হয়েছে।
লিঙ্গভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, আক্রান্তদের মধ্যে ৪৭৫ জন পুরুষ, ২১৩ জন নারী এবং ১৩১ জন শিশু। আর ডেঙ্গুতে মারা যাওয়া ৩ জনের মধ্যে একজন পুরুষ ও দুইজন নারী।
সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, বছরের প্রথম ছয় মাসে ডেঙ্গুর সংক্রমণ তুলনামূলক কম থাকলেও জুলাই মাসে আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়েছে। এ পরিস্থিতিতে ডেঙ্গু প্রতিরোধে বাসাবাড়ি ও আশপাশে জমে থাকা পানি অপসারণ, এডিস মশার বিস্তার রোধ এবং জ্বর দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান তিনি।
চাটগাঁ নিউজ/এমকেএন






