চাটগাঁ নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৫৩৪ জন রোগী ভর্তি হয়েছেন।
বুধবার (২৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম প্রকাশিত ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ২৫২ জন। এছাড়া ময়মনসিংহে ৩৭ জন, চট্টগ্রামে ৭১ জন, খুলনায় ৪৫ জন, রাজশাহীতে ৩০ জন, রংপুরে ২৬ জন, বরিশালে ৬৮ জন এবং সিলেট বিভাগে পাঁচজন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরের ২৯ জুলাই পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১৪ হাজার ৬৯০ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ হাজার ৪৫২ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এক হাজার ১৮৮ জন রোগী।
এদিকে, সর্বশেষ ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যুসহ চলতি বছরে ডেঙ্গুতে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যানে দেখা যায়, গত বছর ২০২৫ সালে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মারা যান ৪১৩ জন। এর আগের বছর ২০২৪ সালে আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যু হয় ৫৭৫ জনের। আর ২০২৩ সালে ডেঙ্গুর ভয়াবহ প্রাদুর্ভাবে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন এবং প্রাণ হারান ১ হাজার ৭০৫ জন।
চাটগাঁ নিউজ/এমকেএন





