চাটগাঁ নিউজ ডেস্ক: ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে চট্টগ্রাম নগরের আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর সঙ্গে থাকা আরও তিন সহযোগীকেও আটক করা হয়।
বুধবার (২৯ জুলাই) ভোররাতে যশোর-নড়াইল মহাসড়কের ঝুমঝুমপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে সকাল সাড়ে ১০টার দিকে ডেভিড ইমনকে চট্টগ্রাম জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পুলিশ জানায়, ডেভিড ইমন ভারতে পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন—এমন গোপন তথ্যের ভিত্তিতে আগে থেকেই নজরদারি জোরদার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলামের নেতৃত্বে একটি দল ঝুমঝুমপুর এলাকায় অবস্থান নেয়। ভোরের দিকে একটি কালো রঙের প্রাইভেটকার সন্দেহজনক মনে হলে সেটিতে তল্লাশি চালানো হয়।
তল্লাশির সময় গাড়িতে থাকা এক ব্যক্তিকে প্রথমে শনাক্ত করতে কিছুটা বেগ পেতে হয়। কারণ গ্রেপ্তার এড়াতে তিনি গোঁফ কেটে নিজের চেহারায় পরিবর্তন এনেছিলেন। পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি নিজের পরিচয় প্রকাশ করলে নিশ্চিত হয় পুলিশ যে তিনিই চট্টগ্রামের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন।
অভিযান চলাকালে গাড়িতে থাকা তাঁর আরও তিন সহযোগীকেও গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত প্রায় ৩টার দিকে অভিযান পরিচালনা করে ডেভিড ইমন ও তাঁর সহযোগীদের আটক করা হয়। আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর বুধবার সকাল ১০টার দিকে তাঁকে চট্টগ্রাম জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন





