চাটগাঁ নিউজ ডেস্ক: আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকার তথ্য গোপন করে হাইকোর্টে রিট আবেদন করায় শিল্পপ্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। জরিমানার অর্থ এক মাসের মধ্যে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
আদালত জানিয়েছেন, এই অর্থ জুলাই গণ-আন্দোলনে আহত যোদ্ধাদের চিকিৎসা ও কল্যাণমূলক কাজে ব্যয় করা হবে।
বুধবার (২৯ জুলাই) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মাহমুদ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
আদেশের পর তিনি সাংবাদিকদের জানান, বাংলাদেশ ব্যাংকের ঋণ তথ্য ব্যুরো (সিআইবি) প্রতিবেদনে ঋণখেলাপি হিসেবে জিপিএইচ ইস্পাতের নাম রয়েছে। সিআইবি প্রতিবেদনে প্রতিষ্ঠানের নাম অন্তর্ভুক্ত না রাখার নির্দেশনা চেয়ে তারা একটি রিট আবেদন করেছিল। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৭ জুলাই হাইকোর্ট রুল জারি করে স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দেন।
তিনি বলেন, রাষ্ট্রপক্ষ ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করলে গত ৯ জুলাই হাইকোর্টের দেওয়া স্থিতাবস্থার আদেশ স্থগিত করা হয়। এর ফলে সিআইবি প্রতিবেদনে জিপিএইচ ইস্পাতের নাম না রাখার নির্দেশনা কার্যকর থাকেনি।
অ্যাটর্নি জেনারেল বলেন, একই বিষয়ে হাইকোর্ট ও আপিল বিভাগে মামলা বিচারাধীন থাকা অবস্থায় জিপিএইচ ইস্পাত নিম্ন আদালতে একটি টাইটেল মামলা করে। সেখানে অস্থায়ী নিষেধাজ্ঞা চাইলেও আবেদনে হাইকোর্টে চলমান মামলার বিষয়টি উল্লেখ করা হয়নি। এমনকি আপিল বিভাগের চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করেছিলেন, সেই তথ্যও গোপন রাখা হয়।
অ্যাটর্নি জেনারেল জানান, ২৯টি ব্যাংকের কাছে প্রায় ২ হাজার ১০০ কোটি টাকার ঋণখেলাপি হিসেবে প্রতিষ্ঠানের নাম প্রদর্শন না করার জন্য তারা নিষেধাজ্ঞা চেয়েছিল। তবে নিম্ন আদালত সেই আবেদন নাকচ করে দেন। পরে একই ধরনের আবেদন নিয়ে তারা হাইকোর্টের আরেকটি বেঞ্চে যান। বিষয়টি রাষ্ট্রপক্ষের নজরে এলে আদালতে পুরো ঘটনার বিবরণ তুলে ধরা হয়।
তিনি বলেন, নিম্ন আদালতের আরজিতে যেমন সুপ্রিম কোর্টে বিচারাধীন মামলার তথ্য গোপন করা হয়েছে, তেমনি হাইকোর্টেও আগের মামলার তথ্য উল্লেখ করা হয়নি। আদালতের কাছে গুরুত্বপূর্ণ তথ্য গোপন করে আদেশ নেওয়ার চেষ্টা আদালতের সঙ্গে প্রতারণার শামিল। শুনানিতে বাদীপক্ষের আইনজীবীরা নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করে জানান, আগের মামলার বিষয়ে তারা অবগত ছিলেন না।
রাষ্ট্রপক্ষ আদালতের কাছে দৃষ্টান্তমূলক জরিমানার আবেদন জানালে হাইকোর্ট তা গ্রহণ করেন। আদালত জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা করেন এবং নির্ধারিত সময়ের মধ্যে অর্থ জমা দেওয়ার নির্দেশ দেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, আদালতের এই আদেশ তথ্য গোপন, বিচারপ্রক্রিয়াকে বিভ্রান্ত করার চেষ্টা এবং আদালতের প্রতি অসততার বিরুদ্ধে একটি কঠোর বার্তা। একই সঙ্গে এটি ন্যায়বিচার প্রতিষ্ঠায় আদালতের দৃঢ় অবস্থান তুলে ধরে।
চাটগাঁ নিউজ/এমকেএন






