বিকেএসপিতে বিদ্যুৎস্পৃষ্টে মহেশখালীর কারাতে শিক্ষার্থীর মৃত্যু

চাটগাঁ নিউজ ডেস্ক: ঢাকার সাভারে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি) ক্যাম্পাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কারাতে বিভাগের শিক্ষার্থী মহেশখালীর ইয়াসার আহমেদ জীমের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে তার পরিবার।

পরিবার সূত্রে জানা যায়, অনুশীলন শেষে ফেরার পথে বিকেএসপি ক্যাম্পাসের একটি দেয়াল পার হতে গিয়ে বিদ্যুতের সংস্পর্শে আসেন ইয়াসার। পরে তাকে উদ্ধার করা হলেও বাঁচানো সম্ভব হয়নি।

তবে বিকেএসপির মতো একটি সংরক্ষিত ও নিরাপত্তাবেষ্টিত ক্যাম্পাসে কীভাবে একজন শিক্ষার্থী দেয়াল পার হতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

ইয়াসারের পরিবার জানায়, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। পাশাপাশি এ ঘটনায় বিকেএসপিতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও তাদের জানানো হয়েছে।

নিহত ইয়াসার আহমেদ জীম কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের মেহেরিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখতার আহমেদের ছেলে।

ছোটবেলা থেকেই মার্শাল আর্টে আগ্রহী ছিলেন ইয়াসার। ছেলের স্বপ্ন পূরণে শিক্ষক বাবা তাকে দ্বীপ উপজেলা মহেশখালী থেকে ঢাকায় নিয়ে আসেন। কঠোর পরিশ্রম ও প্রতিভার মাধ্যমে ইয়াসার সুযোগ পান বিকেএসপির কারাতে বিভাগে।

সম্প্রতি অনুষ্ঠিত ১০ম ক্যাডেট, জুনিয়র, অনূর্ধ্ব-২১ ও সিনিয়র সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপ-২০২৬-এ বাংলাদেশ জুনিয়র দলের হয়ে অংশ নিয়ে প্রশংসা কুড়িয়েছিলেন এই তরুণ খেলোয়াড়।

প্রতিভাবান ইয়াসারের অকাল মৃত্যুতে তার পরিবার, সহপাঠী, ক্রীড়াঙ্গন ও মহেশখালীর বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top