সন্দ্বীপ প্রতিনিধি: চট্টগ্রামের সন্দ্বীপে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশন এবং প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৮ জুলাই) উপজেলা কমপ্লেক্স এলাকায় সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
অভিযান চলাকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশন এবং প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার দায়ে ক্যাফে আনোয়ারার মালিককে ৫০ হাজার টাকা, হাজী বিরিয়ানির মালিককে ২৫ হাজার টাকা এবং মেসার্স বেলাল ফল বিতানকে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সন্দ্বীপ থানা পুলিশ ও উপজেলা আনসার সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
উপজেলা প্রশাসন জানায়, জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং আইনানুগভাবে ব্যবসা পরিচালনা নিশ্চিত করতে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালিত হবে।
চাটগাঁ নিউজ/ফয়সাল/এমকেএন





