চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর নতুন ব্রিজ দিয়ে প্রতিদিনই উল্টোপথে চলাচল করছে অসংখ্য অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা। এতে একদিকে যেমন সৃষ্টি হচ্ছে তীব্র যানজট, অন্যদিকে বাড়ছে সড়ক দুর্ঘটনার ঝুঁকি।
সরেজমিনে দেখা যায়, নতুন ব্রিজ থেকে শাহ আমানত সেতু, চাক্তাই ও কর্ণফুলী সংলগ্ন বিভিন্ন সড়কে অনেক অটোরিকশা চালক নির্ধারিত নিয়ম না মেনে উল্টোপথে চলাচল করছেন। এতে বিপরীত দিক থেকে আসা বাস, ট্রাক, প্রাইভেটকার ও মোটরসাইকেলের চালকদের পড়তে হচ্ছে চরম বিপাকে।
স্থানীয়দের অভিযোগ, যানবাহনের চাপ এড়াতে এবং দ্রুত যাত্রী তুলতে অনেক চালক ইচ্ছাকৃতভাবে শাহ আমানত সেতুর উল্টোপথ ব্যবহার করেন। এসব অটোরিকশার অধিকাংশেরই কোনো বৈধ নিবন্ধন বা অনুমোদন নেই। মাঝে মধ্যে অভিযান পরিচালনা করা হলেও তা নিয়মিত না হওয়ার সুযোগ নিচ্ছেন অটো চালকরা।
প্রতিদিন এই সড়ক ব্যবহারকারী একাধিক যাত্রী জানান, উল্টোপথে আসা অটোরিকশার কারণে হঠাৎ ব্রেক করতে গিয়ে ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে সকাল ও সন্ধ্যার ব্যস্ত সময়ে ঝুঁকি আরও বেড়ে যায়।
সচেতন নাগরিকরা বলছেন, ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তারা নতুন ব্রিজ এলাকায় নিয়মিত ট্রাফিক তদারকি, অবৈধ অটোরিকশার বিরুদ্ধে অভিযান এবং উল্টোপথে চলাচল সম্পূর্ণ বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
বিস্তারিত সিপ্লাস টিভিতে………..
চাটগাঁ নিউজ/জেএইচ





