হালদায় ২ লাখ ৮০ হাজার টাকার জাল পুড়িয়ে ধ্বংস

চাটগাঁ নিউজ ডেস্ক: দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর জীববৈচিত্র্য ও মা মাছের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে রাতভর বিশেষ অভিযান পরিচালনা করেছে হাটহাজারী উপজেলা মৎস্য অধিদপ্তর। অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল ও বড়শি জব্দ করা হয়। পরে জব্দ করা জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

রবিবার (২৬ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টা থেকে সোমবার ভোর ৫টা পর্যন্ত হালদা নদীর রামদাস মুন্সীরহাট এলাকা থেকে নাঙ্গলমোড়া পর্যন্ত বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়।

হাটহাজারী সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শওকত আলীর নেতৃত্বে পরিচালিত অভিযানে নদীর বিভিন্ন পয়েন্ট থেকে ৭টি অবৈধ চরঘেরা জাল, ২টি ভাসা জাল এবং ৩টি বড়শি জব্দ করা হয়। উদ্ধার হওয়া জালের মোট দৈর্ঘ্য প্রায় ৬ হাজার ৩০০ মিটার, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৮০ হাজার টাকা।

মো. শওকত আলী জানান, হালদা নদীতে মা মাছের স্বাভাবিক প্রজনন পরিবেশ বজায় রাখা এবং কার্পসহ অন্যান্য দেশীয় মাছের নিরাপদ আবাস নিশ্চিত করতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। নিয়মিত অভিযান অব্যাহত থাকলে হালদার মৎস্যসম্পদ সংরক্ষণ সহজ হবে এবং নদীর জীববৈচিত্র্য আরও সমৃদ্ধ হবে।

তিনি আরও বলেন, অবৈধভাবে মা মাছ শিকার এবং ধ্বংসাত্মক জাল ব্যবহারের বিরুদ্ধে মৎস্য অধিদপ্তরের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র ও মিঠাপানির মাছের প্রজনন পরিবেশ রক্ষায় ভবিষ্যতেও নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

অভিযানে হালদা অস্থায়ী নৌ পুলিশ ক্যাম্পের এসআই হাবিবুর রহমান, এএসআই রমজান আলীসহ পুলিশের একটি দল এবং হালদা প্রকল্পের পাহারাদার শহীদুল্লাহ, সেকান্দার, আদিল ও আলমগীর অংশ নেন।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top