সন্দ্বীপ প্রতিনিধি: চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশন এবং প্রয়োজনীয় লাইসেন্স ছাড়াই ব্যবসা পরিচালনার অভিযোগে দুইটি রেস্টুরেন্টকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৭ জুলাই) উপজেলার সেনেরহাট এলাকায় অবস্থিত কাচ্চি ডাইন এবং ইসলাম সাহেবের খামারবাড়ি সংলগ্ন বে ভিউ রেস্টুরেন্টে এ অভিযান পরিচালনা করেন সন্দ্বীপ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানের সময় রেস্টুরেন্ট দুটিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশনের পাশাপাশি প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার সত্যতা পাওয়া যায়। এ কারণে কাচ্চি ডাইন এবং বে ভিউ রেস্টুরেন্টকে পৃথকভাবে ৪০ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
অভিযানে সন্দ্বীপ থানা পুলিশ ও উপজেলা আনসার সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে এবং নিরাপদ খাদ্য পরিবেশ বজায় রাখতে এ ধরনের মোবাইল কোর্টের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
চাটগাঁ নিউজ/ফয়সাল/এমকেএন





