চাটগাঁ নিউজ ডেস্ক : হাটহাজারীতে বহুতল ভবনের নির্মাণকাজে চাঁদা না পেয়ে হামলার অভিযোগের পর এবার মুঠোফোনে হুমকি দিয়ে নির্মাণকাজ বন্ধ রাখতে চাপ দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৭ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন হাটহাজারী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাক আহমেদ চৌধুরী।
ভুক্তভোগী ব্যবসায়ী জসিম উদ্দিন বলেন, রোববার সকালে নির্মাণাধীন ভবনে এসে ফাঁকা গুলি ছোড়ে। পরে রাতে তাকে মুঠোফোনে কল করে অশালীন ভাষায় গালাগাল করা হয় এবং ভবনের নির্মাণকাজ বন্ধ রাখতে হুমকি দেওয়া হয়।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ জানান, ঘটনার পর ব্যবসায়ী জসিম উদ্দিন বাদী হয়ে অজ্ঞাতনামা ৭-৮ জনকে আসামি করে হাটহাজারী মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলাটি নম্বর-২৬ হিসেবে নথিভুক্ত হয়েছে।
তিনি জানান, এ মামলায় জড়িত থাকার অভিযোগে বায়েজিদ থানা এলাকা থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে দাবি পুলিশের। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এরআগে রোববার সকাল ৯টার দিকে হাটহাজারীতে একটি বহুতল ভবনের নির্মাণকাজকে কেন্দ্র করে ২০ লাখ টাকা চাঁদা না দিলে, ‘১০০ জন পুলিশের সামনেও গুলি করা হবে’ এমন হুমকি দেওয়ার কয়েক দিন পর প্রকাশ্যে নির্মাণাধীন ভবনের নিচে ফাঁকা গুলি ছোড়ার দাবি করেছেন ভবন মালিক জসিম উদ্দিন।
চাটগাঁ নিউজ/এসএ






