৩৬ দিন ভেসে থাকার পর ২ শ্রীলঙ্কান জেলে মহেশখালীতে উদ্ধার

মহেশখালী প্রতিনিধি: বঙ্গোপসাগরে টানা ৩৬ দিন ভেসে থাকার পর শ্রীলঙ্কার দুই জেলেকে জীবিত উদ্ধার করেছেন কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের একদল জেলে।

উদ্ধার হওয়া দুজন পিতা-পুত্র। তাদের দাবি, মাছ ধরতে গিয়ে ফিশিংবোটের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় তারা দীর্ঘদিন সাগরে ভেসে ছিলেন। এ সময় লবণাক্ত পানি পান এবং কাঁচা মাছ খেয়েই তারা বেঁচে ছিলেন।

উদ্ধারকারী জেলেরা জানান, শুক্রবার (২৪ জুলাই) বঙ্গোপসাগরের শুলিরধার এলাকায় মাছ ধরতে যাওয়ার পথে তারা একটি ইঞ্জিন বিকল ফিশিংবোট ভাসতে দেখেন। কাছে যেতেই বোটে থাকা দুই ব্যক্তি হাত নেড়ে সাহায্যের আকুতি জানান। ভাষা বুঝতে না পারলেও তাদের অসহায় অবস্থা দেখে দ্রুত উদ্ধার করে নিজেদের ফিশিংবোটে তুলে নেন। পরে শনিবার (২৫ জুলাই) সকালে তাদের মহেশখালী উপকূলে নিয়ে আসা হয়।

উদ্ধার হওয়া দুই জেলে হলেন এস. এইচ. চামিন্দা (৫১) এবং তার ছেলে সাউন্ডা হান্নাদিগিপিয়াওয়াটিং (৩০)। তাদের বাড়ি শ্রীলঙ্কার ডেভিনুওয়ারা এলাকায়।

উদ্ধারকারী ফিশিংবোটের মালিক জিয়াউর রহমান বলেন, মানবিক দায়িত্ববোধ থেকেই আমরা তাদের উদ্ধার করেছি। প্রায় ৫ লাখ টাকার মাছ ধরার প্রস্তুতি নিয়ে সাগরে গিয়েছিলাম। কিন্তু তাদের অসহায় অবস্থা দেখে আর মাছ ধরা হয়নি। সবকিছু বাদ দিয়ে তাদের নিয়ে খালি হাতে উপকূলে ফিরে এসেছি। সরকারের কাছে আমাদের অনুরোধ, দ্রুত আইনি প্রক্রিয়া সম্পন্ন করে শ্রীলঙ্কার এই পিতা-পুত্রকে নিরাপদে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হোক।

উদ্ধার হওয়া জেলেদের ভাষ্য, প্রায় ৩৬ দিন আগে মাছ ধরার সময় তাদের ফিশিংবোটের ইঞ্জিন বিকল হয়ে যায়। এরপর থেকে তারা সাগরে ভাসতে থাকেন। বেঁচে থাকার জন্য লবণাক্ত পানি পান করেন এবং সমুদ্রে পাওয়া কাঁচা মাছ খেয়ে জীবন রক্ষা করেন।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল সোলতান জানান, উদ্ধার হওয়া দুই ব্যক্তি বর্তমানে থানা হেফাজতে রয়েছেন। প্রাথমিকভাবে তারা শ্রীলঙ্কার নাগরিক বলে নিশ্চিত হওয়া গেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের নিজ দেশে ফেরানোর ব্যবস্থা নেওয়া হবে।

চাটগাঁ নিউজ/সজিব/এমকেএন

Scroll to Top