চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী এলাকায় নিহত তালিকাভুক্ত সন্ত্রাসী সরওয়ার হোসেন ওরফে বাবলার বাড়ির পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় যুক্তরাষ্ট্রে তৈরি একটি আধুনিক পিস্তল উদ্ধার করেছে র্যাব-৭।
র্যাব সূত্র জানায়, শুক্রবার (২৪ জুলাই) দিবাগত মধ্যরাতে হাটহাজারী ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বাড়ির পাশ থেকে ৭.৬৫ মিলিমিটার ক্যালিবারের যুক্তরাষ্ট্রে তৈরি একটি পিস্তল উদ্ধার করা হয়।
র্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান জানান, অভিযানের সময় বাবলার বসতবাড়িতে তল্লাশি চালানো হলেও অস্ত্রটি ঘরের ভেতর পাওয়া যায়নি। পরে বাড়ির বাইরে পরিত্যক্ত অবস্থায় পিস্তলটি উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, অস্ত্রটির প্রকৃত মালিক কে, কীভাবে এটি সেখানে পৌঁছেছে এবং এর সঙ্গে কোনো অপরাধচক্রের সম্পৃক্ততা রয়েছে কি না—এসব বিষয় তদন্ত করে দেখা হচ্ছে।
উল্লেখ্য, সরওয়ার হোসেন ওরফে বাবলা চট্টগ্রামের অপরাধ জগতের পরিচিত একটি নাম ছিলেন। তাঁর বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। গত বছর চালিতাতলী এলাকায় সন্ত্রাসীদের গুলিতে তিনি নিহত হন। তবে তাঁর মৃত্যুর পরও সহযোগী ও সংশ্লিষ্ট অপরাধচক্রের বিষয়ে গোয়েন্দা নজরদারি এবং আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন





