সেঞ্চুরি হাঁকিয়েছে বেশির ভাগ সবজি, কাঁচা মরিচ ৩০০ ছুঁইছুঁই

চাটগাঁ নিউজ ডেস্ক : টানা বৃষ্টি ও বন্যার প্রভাবে চট্টগ্রামের বিভিন্ন কাঁচাবাজারে আবারও বেড়েছে প্রায় সব ধরনের সবজির দাম। সরবরাহ কমে যাওয়ায় এক সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচ, বেগুন, শসাসহ বিভিন্ন সবজির দাম কেজিতে ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে। এতে সবচেয়ে বেশি চাপে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ক্রেতারা।

শুক্রবার (২৪ জুলাই) সকালে নগরের রেয়াজুউদ্দিন বাজার, বহদ্দারহাট, চকবাজার ও কাজীর দেউড়ি কাঁচা বাজারের গিয়ে এমন চিত্র দেখা যায়।

বিক্রেতারা জানান, ভারী বৃষ্টিতে অনেক এলাকার সবজির খেত পানিতে তলিয়ে গেছে। যে কারণে সব ধরণের সবজির দাম বেড়েছে।

কাজীর দেউড়ি বাজারে কেনাকাটা করতে আসা বেসরকারি চাকরীজীবী মো. এনামুল করিম বলেন, ‘কয়েক দিন আগেও যে সবজি ৬০ থেকে ৭০ টাকায় কিনেছি, এখন সেটির দাম ১০০ টাকার বেশি। ৫০০ টাকায় যে পরিমাণ বাজার করতাম, এখন তা ৮০০-৯০০ টাকার কমে হচ্ছে না।’

জানা গেছে, এক সপ্তাহ আগে ৬০ টাকায় বিক্রি হওয়া লাউ এখন বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকায়। টমেটো ১২০ থেকে ১৪০ টাকা, গাজর ১৬০ টাকা, কাঁকরোল ৯০ থেকে ১০০ টাকা এবং পেঁপে ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সাধারণ মানের কাঁচা মরিচ খুচরা বাজারে বিক্রি হচ্ছে ২৪০ টাকা কেজি দরে। তবে বাজারভেদে দামে ৫-১০ টাকা পার্থক্য দেখা গেছে।

বাজারগুলোয় প্রতি কেজি বেগুন ১২০ টাকা, করলা ১০০ থেকে ১২০ টাকা, পটোল ৮০ টাকা, ঢ্যাঁড়স ১০০ টাকা, ঝিঙে ১০০ টাকা, চিচিঙ্গা ৮০ থেকে ১০০ টাকা এবং শসা ১২০ থেকে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। কয়েক দিন আগের তুলনায় এসব সবজির দাম কেজিতে ২০ থেকে ৪০ টাকা বেড়েছে।

এক সপ্তাহ আগে ৬০ টাকায় বিক্রি হওয়া লাউ এখন বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকায়। টমেটো ১২০ থেকে ১৪০ টাকা, গাজর ১৬০ টাকা, কাঁকরোল ৯০ থেকে ১০০ টাকা এবং পেঁপে ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সাধারণ মানের কাঁচা মরিচ খুচরা বাজারে বিক্রি হচ্ছে ২৪০ টাকা কেজি দরে। তবে বাজারভেদে দামে ৫-১০ টাকা পার্থক্য দেখা গেছে।

বকশির হাটের সবজি বিক্রেতা স্বপন বলেন, ‘আড়তে গিয়ে পর্যাপ্ত সবজি পাওয়া যাচ্ছে না। যা পাওয়া যায়, সেটাও অনেক বেশি দামে কিনতে হচ্ছে। আমরা বেশি দামে কিনে এনে কম দামে বিক্রি করতে পারি না। তাই বাধ্য হয়েই বাড়তি দাম রাখতে হচ্ছে।’

বিক্রেতারা জানান, বন্যায় দোহাজারী, সাতকানিয়া, ফটিকছড়ি, নাজিরহাটসহ পার্বত্য জেলা বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটির বিভিন্ন এলাকায় সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। ফলে স্থানীয় বাজারে সরবরাহ কমে গিয়ে দাম বেড়েছে।

জানতে চাইলে রিয়াজউদ্দিন বাজারের আড়তদার নুরুল ইসলাম বলেন, ‘টানা বৃষ্টির কারণে প্রায় সব ধরনের সবজির সরবরাহ কমে গেছে। আজ আড়তে কাঁচা মরিচ বিক্রি হয়েছে ১৩০ টাকা কেজি দরে। বাকি সব সবজির দামও বাড়তি। তবে আবহাওয়া স্বাভাবিক হলে এবং সরবরাহ বাড়লে আশা করা যায়, সপ্তাহের মধ্যেই বাজারে দামের কিছুটা স্বস্তি ফিরবে।’

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top