চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের মিরসরাই উপজেলায় সড়ক দুর্ঘটনায় সালাউদ্দিন (৪০) নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে উপজেলার জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের মুসলিম চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সালাউদ্দিন উপজেলার সাহেরখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাংলাপাড়া গ্রামের মৃত মহিউদ্দিনের ছেলে। তিনি সাহেরখালী ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা গেছে, দুপুরে মোটরসাইকেলে করে অর্থনৈতিক অঞ্চলের দিকে যাচ্ছিলেন সালাউদ্দিন। পথিমধ্যে আবুতোরাব বাজারসংলগ্ন মুসলিম চত্বর এলাকায় পৌঁছালে চট্টগ্রামমুখী একটি সিমেন্টবাহী ট্রাক এবং অর্থনৈতিক অঞ্চলগামী একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের ডাবল কেবিন পিকআপের মাঝখানে পড়ে যান তিনি। এ সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে মিরসরাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন





