চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের বোয়ালখালীর কনফিডেন্স লবণ কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন আরও এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মাহমুদুল হক (৪০) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নিহত মাহমুদুল হক চট্টগ্রামের পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের গোরনখাইন এলাকার বাসিন্দা। তিনি মৃত খায়ের আহমদের ছেলে। তিন ভাই ও দুই বোনের মধ্যে মাহমুদুল ছিলেন চতুর্থ।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সহকারী রেজিস্ট্রার ডা. রাশেদ উল ইসলাম জানান, বিস্ফোরণে মাহমুদুল হকের শরীরের প্রায় ৬০ থেকে ৬৫ শতাংশ পুড়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করে আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছিল। টানা প্রায় এক সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই করার পর বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।
উল্লেখ্য, গত ১৬ জুলাই বোয়ালখালীর কনফিডেন্স লবণ কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় একাধিক শ্রমিক দগ্ধ হন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর ছিল। মাহমুদুল হকের মৃত্যুর মধ্য দিয়ে ওই দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে পৌঁছেছে।
চাটগাঁ নিউজ/এমকেএন





