বিয়ের প্রলোভনে ধর্ষণ, এনসিপি নেতা জয় গ্রেফতার

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানায় দায়ের হওয়া একটি ধর্ষণ মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আফতাব মজুমদার জয়কে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল বুধবার (২২ জুলাই) তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ওসি (তদন্ত) সবুজ রহমান।

পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী এক তরুণীর দায়ের করা এজাহারের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু করা হয়। অভিযোগে বলা হয়েছে, ফেসবুকের মাধ্যমে পরিচয়ের পর অভিযুক্ত বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ভুক্তভোগীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। পরে গত ১৪ জুলাই রাতে চান্দগাঁও থানাধীন সুইট প্যালেস নামক হোটেলের ২০৮ নম্বর কক্ষে বিয়ের আশ্বাস ও প্রলোভন দিয়ে ভিকটিমের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। পরবর্তীতে বিয়ে করতে অস্বীকৃতি জানিয়ে যোগাযোগ বন্ধ করে দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে ভুক্তভোগী জানতে পারেন, অভিযুক্ত পূর্ব থেকেই বিবাহিত।

এ ঘটনায় বাংলাদেশ দণ্ডবিধির ৪৯৩ ধারা এবং নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত)-এর ৯(১) ধারা অনুযায়ী চান্দগাঁও থানায় গত ১৯ জুলাই তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলার পর অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

এ বিষয়ে চান্দগাঁও থানার ওসি (তদন্ত) সবুজ রহমান চাটগাঁ নিউজকে বলেন, ভুক্তভোগী এক তরুণীর করা ধর্ষণ মামলায় আফতাব মজুমদার জয়কে গ্রেফতার করা হয়েছে। মামলার তদন্ত চলমান। তদন্ত শেষে অভিযোগের সত্যতা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top