আনোয়ারায় ট্রাফিক পুলিশ বক্স জ্বালিয়ে দেওয়ার চেষ্টা, আটক ৮

আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারা উপজেলায় চাতরী চৌমুহনী ট্রাফিক পুলিশ বক্সে আগুন লাগিয়ে ভাঙচুর ও জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করেছে দূর্বৃত্তরা। এতে বক্সের ভেতরে থাকা কয়েকটি প্লাস্টিকের চেয়ার পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে আসবাবপত্রও। এ ঘটনায় অভিযান চালিয়ে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

নাম প্রকাশ না করার শর্তে ট্রাফিক পুলিশের এক সদস্য বলেন, ‘রাতে আমরা দায়িত্ব শেষে চলে গিয়েছিলাম। ফজরের সময় এসে দেখি, ট্রাফিক বক্সের ভেতরে আগুন দেওয়া হয়েছে। এক পাশের কাচ ভাঙা অবস্থায় পড়ে আছে। কয়েকটি চেয়ারও পুড়ে গেছে। এ কারণে এখন আমরা সেখানে বসতে পারছি না।’

এ বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে অভিযান চালিয়ে ট্রাফিক পুলিশ বক্সের সামনে থেকে কয়েকজনসহ বিভিন্ন জায়গা থেকে মোট আটজনকে আটক করা হয়।

চাটগাঁ নিউজ/সাজ্জাদ/জেএইচ

Scroll to Top