মধ্যরাতে পরকীয়া প্রেমিকের সঙ্গে যুবলীগ নেত্রী আটক

চাটগাঁ নিউজ ডেস্ক : নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলায় অসামাজিক কার্যকলাপ ও পরকীয়ার অভিযোগে এক যুবলীগ নেত্রী ও তার ‘কথিত প্রেমিক’কে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। পরে আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

বুধবার (২২ জুলাই) দিবাগত রাত ১টার দিকে উপজেলার ভূজপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের রাবারড্যাম ডলু আড়ালিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন- নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটির মহিলা সদস্য রাশু বেগম (৪০)। তিনি ওই এলাকার এক প্রবাসীর স্ত্রী। তার সঙ্গে আটক হন একই ইউনিয়নের কোটবাড়িয়া নাজিরখিল এলাকার বাচা মিয়ার ছেলে মো. হাসেম (৪৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার মধ্যরাতে হাসেম রাশু বেগমের বাড়িতে গেলে বিষয়টি জানতে পারেন স্থানীয়রা। পরে অসামাজিক কার্যকলাপের অভিযোগে দুজনকে আটক করে ভূজপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

ভূজপুর থানা যুবদলের সাধারণ সম্পাদক একরামুল হক একরাম বলেন, আমরা এসব কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও ঘৃণা জানাই।

স্থানীয় ইউপি সদস্য মো. সোহেল মুন্সি বলেন, রাশু বেগমের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ বিষয়ে তাকে একাধিকবার সতর্ক করা হলেও তিনি তা আমলে নেননি। সর্বশেষ একই ধরনের ঘটনার অভিযোগে স্থানীয়রা তাকে ও তার সঙ্গে থাকা ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

ভূজপুর থানার ওসি বিপুল চন্দ্র দে বলেন, স্থানীয় লোকজন দুজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top