ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের নাজিরহাটে একটি সিএনজি গ্যারেজে নুর খান (১২) নামে এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে নাজিরহাট নতুন রাস্তার মাথা এলাকার খোরশেদ মিস্ত্রীর সিএনজি গ্যারেজে এ ঘটনা ঘটে।
নিহত নুর খান ফটিকছড়ি উপজেলার সমিতিরহাট ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ওখড়া চৌহমনী এলাকার মৃত নুর খালেকের ছেলে।
পরিবারের অভিযোগ, ঘটনার পর গ্যারেজ মালিক খোরশেদ মিস্ত্রী গুরুতর অসুস্থ অবস্থায় নুর খানকে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করলে তিনি কোনো ব্যাখ্যা না দিয়েই হাসপাতাল থেকে চলে যান। এরপর থেকেই তাকে আর পাওয়া যাচ্ছে না বলে দাবি করেছে পরিবার।
নিহতের মা নুর আশা কান্নাজড়িত কণ্ঠে বলেন, সকালে আমার ছেলে সম্পূর্ণ সুস্থ অবস্থায় গ্যারেজে যায়। বিকেলে গ্যারেজ থেকে ফোন করে বলা হয়, সে অসুস্থ হয়ে পড়েছে, দ্রুত হাসপাতালে যেতে। হাসপাতালে গিয়ে দেখি আমার ছেলে আর বেঁচে নেই। কীভাবে আমার সুস্থ ছেলে মারা গেল, আমি তার সঠিক তদন্ত ও বিচার চাই।
পরিবার সূত্রে জানা যায়, নুর খান জন্মের আগেই তার বাবা নুর খালেক মারা যান। মায়ের গর্ভে পাঁচ মাস বয়স থাকতেই তিনি পিতৃহারা হন। পরিবারের একমাত্র সন্তান ছিল নুর খান। তার আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, সংবাদ পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। তবে ঘটনাস্থল হাটহাজারী থানার আওতাভুক্ত হওয়ায় বিষয়টি তাদের অবহিত করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা সংশ্লিষ্ট থানা গ্রহণ করবে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।
চাটগাঁ নিউজ/আনোয়ার/জেএইচ






