হালদায় অভিযানে সাড়ে ৬ হাজার মিটার জাল জব্দ

চাটগাঁ নিউজ ডেস্ক: মা মাছের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে এবং হালদা নদীর জীববৈচিত্র্য রক্ষায় পাঁচ ঘণ্টাব্যাপী বিশেষ অভিযান চালিয়ে প্রায় সাড়ে ছয় হাজার মিটার অবৈধ জাল জব্দ করেছে মৎস্য অধিদপ্তর।

মঙ্গলবার (২১ জুলাই) রাত ৮টা থেকে বুধবার রাত ২টা পর্যন্ত হালদা নদীর খলিফা ঘোনা থেকে ছিপাতলি পর্যন্ত এলাকায় এ অভিযান পরিচালিত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. শওকত আলী।

তিনি জানান, অভিযানে ছয়টি নিষিদ্ধ চরঘেরা জাল, একটি ভাসা জাল এবং দুটি বড়শি উদ্ধার করা হয়েছে। জব্দ করা জালগুলোর মোট দৈর্ঘ্য প্রায় সাড়ে ছয় হাজার মিটার, যার আনুমানিক বাজারমূল্য প্রায় তিন লাখ টাকা।

মৎস্য কর্মকর্তার ভাষ্য, সাম্প্রতিক বন্যার কারণে বিভিন্ন জলাশয়ের মাছ হালদা নদীতে এসে মিশেছে এবং নদীতে পানির পরিমাণও বেড়েছে। এই সুযোগে অসাধু জেলেরা রাতের আঁধারে নদীতে অবৈধ জাল পেতে মাছ শিকার করছে। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি, কারণ তারা সাধারণত ভোরের আগে জাল সরিয়ে নেয়।

তিনি আরও বলেন, হালদা নদীকে কার্পজাতীয় মাছসহ সব ধরনের দেশীয় মাছের নিরাপদ প্রজননক্ষেত্র হিসেবে সংরক্ষণে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। অবৈধ জাল উচ্ছেদ, মা মাছ শিকার বন্ধ এবং নদীর জীববৈচিত্র্য রক্ষায় মৎস্য অধিদপ্তর কঠোর অবস্থানে রয়েছে।

অভিযানে মৎস্য অধিদপ্তরের ক্ষেত্র সহকারী লিংকন চৌধুরী, হালদা প্রকল্পের পাহারাদার শহীদুল্লাহ, সেকান্দার, তানভীর ও আদিল এবং আইডিএফের পাহারাদার ঝন্টু বড়ুয়া অংশ নেন।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top