১৩ বছরের দণ্ডপ্রাপ্ত আসামি র‍্যাবের অভিযানে ধরা

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকার বনানী আবাসিক এলাকা থেকে ১৩ বছরের সাজাপ্রাপ্ত ও আটটি পৃথক মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. আফতাব উদ্দিনকে (৫২) গ্রেপ্তার করেছে র‍্যাব-৭।

মঙ্গলবার (২১ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তার আফতাব উদ্দিন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বিবিরহাট এলাকার মৃত নাজিম উদ্দিনের ছেলে।

র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা আফতাব উদ্দিন নগরের বনানী আবাসিক এলাকায় অবস্থান করছেন—এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র‍্যাবের একটি দল।

র‍্যাব জানায়, আফতাব উদ্দিনের বিরুদ্ধে ফটিকছড়ি, রাঙ্গুনিয়া, কোতোয়ালি ও সদরঘাট থানায় দায়ের করা মোট আটটি মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এর মধ্যে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস (এনআই) আইন, ১৩৮ ধারার পাঁচটি মামলায় আদালত তাকে মোট ১৩ বছরের কারাদণ্ড দিয়েছেন।

গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আফতাব উদ্দিনকে ফটিকছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top