রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে অপহৃত হওয়া সাত বছর বয়সী শিশু ওয়াসিফা জান্নাত তাসকিনকে উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের প্রায় ৩৬ ঘণ্টা পর মঙ্গলবার (২১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সরফভাটা ইউনিয়নের ইত্যাদি এলাকার একটি ভবন থেকে তাকে উদ্ধার করা হয়।
পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ অভিযানে শিশুটিকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়। বুধবার রাত সাড়ে ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দিন আহমেদ।
তিনি জানান, সরফভাটা এলাকার একটি নির্দিষ্ট স্থান থেকে শিশুটিকে উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান এখনও চলমান থাকায় এখনই বিস্তারিত বলা যাচ্ছে না। তদন্ত শেষে আনুষ্ঠানিকভাবে পুরো বিষয় জানানো হবে।
তবে অনুসন্ধানে জানা গেছে, মর্মান্তিক এই অপহরণের পেছনে রয়েছে পারিবারিক প্রতিহিংসা। শিশু ওয়াসিফাকে তার পিতা দেলোয়ারের মামাতো ভাই ফয়সালের বাসা থেকেই উদ্ধার করেছে ডিবি পুলিশ। চাঞ্চল্যকর বিষয় হলো, ফয়সাল নিজেই শিশুটিকে নিজের বাসায় লুকিয়ে রেখেছিল। শুধু তাই নয়, ঘটনা আড়াল করতে সে স্বয়ং ওয়াসিফার বাবা দেলোয়ারের সাথে নিখোঁজের নাটক সাজিয়ে তাকে খুঁজতে থানা ও বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়েছিল।
এর আগে গত সোমবার (২০ জুলাই) সকালে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে সিএনজিচালিত অটোরিকশায় করে চতুরতার সাথে শিশুটিকে তুলে নিয়ে যাওয়া হয়। অটোরিকশায় থাকা অপহরণকারীরা “বাবা অসুস্থ” বলে ওয়াসিফাকে গাড়িতে তুলে নেয়।
এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় অভিযোগ করলে তদন্তে নামে পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। আধুনিক প্রযুক্তির ব্যবহার ও গোপন তথ্যের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে শেষ পর্যন্ত অপরাধীর আস্তানা থেকে শিশুটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা বাহিনী।
চাটগাঁ নিউজ/জেএইচ





