চাটগাঁ নিউজ ডেস্ক: সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য গাজী নজরুল ইসলামের সঙ্গে এক নারীর অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
সোমবার (২০ জুলাই) রাত থেকে ভিডিওটি ভাইরাল হলে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এ ঘটনার পর ভিডিওতে থাকা নারীকে গাজী নজরুল ইসলামের ‘দ্বিতীয় স্ত্রী’ বলে দাবি করেছে সাতক্ষীরা জেলা জামায়াত।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজ ও ভিডিওর বিভিন্ন অংশে দেখা যায়, একটি কক্ষে এক তরুণীর সঙ্গে অবস্থান করছেন গাজী নজরুল ইসলাম। কোনো দৃশ্যে তাকে মোবাইল ফোনে কথা বলতে এবং অন্য কিছু দৃশ্যে ওই নারীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় বসে থাকতে দেখা যায়।
ভিডিওটি প্রকাশ্যে আসার পর প্রথমদিকে সাতক্ষীরা জেলা জামায়াতের মিডিয়া সেল থেকে দাবি করা হয়, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে তৈরি একটি ভুয়া ভিডিও। তবে পরবর্তীতে একাধিক তথ্য যাচাইকারী (ফ্যাক্ট-চেক) প্রতিষ্ঠান অনুসন্ধান শেষে জানায়, ভিডিওটি এআই দিয়ে তৈরি বা সম্পাদিত নয়; এটি আসল ভিডিও।
সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি ও মিডিয়া বিভাগের প্রধান মাওলানা আজিজুর রহমান গণমাধ্যমকে বলেন, ভিডিওটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। এমপি আমাদের জানিয়েছেন, ভিডিওতে যাকে দেখা যাচ্ছে তিনি তার দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রীর সম্মতিক্রমেই এই বিয়ে হয়েছে। তবে ভিডিওটি কীভাবে প্রকাশ্যে এলো, সেটি আমরা খতিয়ে দেখছি।
দ্বিতীয় বিয়েটি কবে হয়েছে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিয়ের সুনির্দিষ্ট তারিখ তিনি নিশ্চিত করতে পারেননি। তবে আমাদের জানানো হয়েছে, বেশ কিছুদিন আগেই বিয়েটি সম্পন্ন হয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন






