হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন খরচ ৫ লাখ ৫ হাজার টাকা

চাটগাঁ নিউজ ডেস্ক: আগামী বছর (২০২৭) পবিত্র হজ পালনের জন্য সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় নতুন হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। সরকারি ব্যবস্থাপনায় এবার দুটি প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজের সর্বনিম্ন ব্যয় ধরা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা, আর উন্নত সুবিধাসংবলিত প্যাকেজের খরচ নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা। একই সঙ্গে বেসরকারি ব্যবস্থাপনায় সাধারণ হজ প্যাকেজের মূল্য রাখা হয়েছে ৫ লাখ ১৩ হাজার ৬৪৮ টাকা।

মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এসব তথ্য জানান।

ধর্মমন্ত্রী বলেন, সরকারি প্যাকেজ-১-এ হজযাত্রীরা মক্কায় হারাম শরিফ থেকে প্রায় ১ থেকে ১.৪ কিলোমিটারের মধ্যে এবং মদিনায় মারকাজিয়া এলাকায় আবাসনের সুযোগ পাবেন। মিনায় জোন-২-এ তাঁবুর ব্যবস্থা থাকবে। এছাড়া মিনা ও আরাফায় নির্ধারিত সার্ভিস প্যাকেজ অনুযায়ী খাবারসহ প্রয়োজনীয় সেবা দেওয়া হবে। এ প্যাকেজে সাধারণত ৩৫ থেকে ৪০ দিন সৌদি আরবে অবস্থানের সুযোগ থাকবে। অতিরিক্ত অর্থ পরিশোধের মাধ্যমে রুম আপগ্রেড বা স্বল্পমেয়াদি প্যাকেজ নেওয়ার সুযোগও রাখা হয়েছে।

অন্যদিকে, সরকারি প্যাকেজ-২-এ মক্কায় হারাম শরিফ থেকে ২ থেকে ৩ কিলোমিটারের মধ্যে এবং মদিনায় মারকাজিয়া এলাকার বাইরে, মসজিদে নববী থেকে সর্বোচ্চ ৮০০ মিটারের মধ্যে আবাসনের ব্যবস্থা থাকবে। মিনায় জোন-৫-এ তাঁবুর ব্যবস্থা করা হবে। হোটেল দুই কিলোমিটারের বেশি দূরে হলে সৌদি আরবের নীতিমালা অনুযায়ী সালাওয়াত বাসে যাতায়াতের সুবিধা দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী জানান, সরকারের লক্ষ্য সাশ্রয়ী, সহজলভ্য ও মানবিক হজ ব্যবস্থাপনা নিশ্চিত করা। সেই লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে এবার হজ ফ্লাইটের বিমানভাড়া গত বছরের তুলনায় ২৪ হাজার ৮৩০ টাকা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও বলেন, ২০২৩ সালে হজ ফ্লাইটের ভাড়া প্রায় দুই লাখ টাকা ছিল। ২০২৫ সালে তা কমিয়ে ১ লাখ ৬৭ হাজার ৮২০ টাকা করা হয়। এবার আরও কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে, যা হজযাত্রীদের ব্যয় কমাতে সহায়ক হবে।

এছাড়া তালিকাভুক্ত যোগ্য হজ এজেন্সিগুলোকে নিবন্ধন শুরুর আগে সৌদি আরবের নির্ধারিত ন্যূনতম কোটার ভিত্তিতে গ্রুপ গঠন করতে হবে বলে জানান ধর্মমন্ত্রী। সরকার অনুমোদিত সাধারণ হজ প্যাকেজ গ্রহণ বাধ্যতামূলক হলেও, গ্রুপভুক্ত এজেন্সিগুলো নিজেদের সমন্বয়ে অতিরিক্ত তিনটি প্যাকেজ চালু করতে পারবে। তবে সরকার ঘোষিত সাশ্রয়ী প্যাকেজের চেয়ে কম মানের সেবা দিয়ে কোনো প্যাকেজ ঘোষণা করা যাবে না।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top