বহদ্দারহাটের আবাসিক হোটেলে স্ত্রী হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট এলাকায় একটি আবাসিক হোটেলে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী মো. নেজাম উদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. তাজউল ইসলামের আদালত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন।

আদালতের বেঞ্চ সহকারী এস এম কাওসার সাগর জানান, মামলায় উপস্থাপিত নয়জন সাক্ষীর সাক্ষ্য ও অন্যান্য প্রমাণ পর্যালোচনা করে আদালত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে বলে মনে করেন। এর ভিত্তিতে দণ্ডবিধির ৩০২ ধারায় নেজাম উদ্দিনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ড দেওয়া হয়।

মামলার নথি অনুযায়ী, ২০১১ সালে পটিয়া উপজেলার বাসিন্দা মো. নেজাম উদ্দিনের সঙ্গে শাহনাজ বেগমের বিয়ে হয়। পরের বছর শাহনাজ অসুস্থ হয়ে পড়লে উন্নত চিকিৎসার অজুহাতে তাকে চট্টগ্রাম নগরে নিয়ে আসেন নেজাম। তবে হাসপাতালে ভর্তি না করে বহদ্দারহাটের স্বজন সুপার মার্কেট সংলগ্ন হোটেল আল-রেজার ৩১৯ নম্বর কক্ষে ওঠেন তারা।

পরবর্তীতে ওই হোটেল কক্ষ থেকেই শাহনাজ বেগমের মরদেহ উদ্ধার করা হয়। নিহতের বাবা মো. আজগর আলী ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে চান্দগাঁও থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ নেজাম উদ্দিনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয়।

২০১৪ সালের ১৮ মার্চ আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার কার্যক্রম শুরু করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে মঙ্গলবার আদালত এ মামলার রায় ঘোষণা করেন।

চাটগাঁ নিউজ/এমকেএন/এসএ

Scroll to Top